৯৪

গোপালগঞ্জ সদর উপজেলার ভেন্নাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে ৪ হাজার ৫০০ পিস ইয়াবাসহ বৃষ্টি মণ্ডল (২৫) নামে এক নারী মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল রবিবার (৩১ মে) রাতে গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক মহাসড়ক থেকে তাকে হাতেনাতে আটক করা হয়।

আটক বৃষ্টি মণ্ডল সদর উপজেলার উত্তর ভেন্নাবাড়ি গ্রামের অশোক মণ্ডলের মেয়ে।

যেভাবে চালানো হয় অভিযান

গোপালগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) উপ-পরিদর্শক (এসআই) সঞ্জয় মালো জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাতে উত্তর ভেন্নাবাড়ি গ্রামের গোপাল মণ্ডলের একটি বন্ধ কাঁচামালের দোকানের সামনে, গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক মহাসড়কে ওত পেতে থাকে ডিবি পুলিশের একটি চৌকস দল। এ সময় সন্দেহভাজন হিসেবে বৃষ্টি মণ্ডলকে তল্লাশি করা হলে তার কাছ থেকে ৪ হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

টেকনাফ টু গোপালগঞ্জ সিন্ডিকেট

ডিবি পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক বৃষ্টি মণ্ডল মাদক ব্যবসার এক চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন। তিনি স্বীকার করেছেন যে, তিনি ও তার আপন বোন সীমা মণ্ডল দীর্ঘদিন ধরে একটি সিন্ডিকেট গড়ে তুলেছেন। তারা কক্সবাজারের সীমান্তবর্তী এলাকা টেকনাফ থেকে কম দামে ইয়াবার বড় বড় চালান সংগ্রহ করতেন। পরবর্তীতে সেই ইয়াবা গোপালগঞ্জ ও এর আশেপাশের জেলাগুলোর বিভিন্ন মাদক কারবারিদের কাছে পাইকারি মূল্যে বিক্রি করে আসছিলেন।

এসআই সঞ্জয় মালো আরও জানান, ইয়াবা পাচারের এই সিন্ডিকেটের সঙ্গে জড়িত অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে। এই ঘটনায় আটক বৃষ্টি মণ্ডলের বিরুদ্ধে গোপালগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।