৩৯

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে পৃথক দুটি অভিযান চালিয়ে ৩৭০ বোতল নেশাজাতীয় ইস্কাফ সিরাপ, ১০০ গ্রাম হেরোইন ও ৬০০ গ্রাম গাঁজা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

গত ৫ নভেম্বর সন্ধ্যা ও রাতে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এসব অভিযান পরিচালনা করে। অভিযানে উদ্ধার করা মাদকদ্রব্য মালিকবিহীন অবস্থায় জব্দ করা হয়েছে।

বিজিবি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে সোনামসজিদ বিওপির একটি বিশেষ টহলদল অভিযান চালায়। সুবেদার তুষার কান্তিত বিশ্বাসের নেতৃত্বে পরিচালিত দলটি সীমান্তের ১৮৮ নম্বর মেইন পিলার থেকে প্রায় এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের কামালপুর গ্রামে মনিরুলের বাড়ির পাশে অবস্থান নেয়। সেখানে তল্লাশি চালিয়ে ৩৭০ বোতল ইস্কাফ সিরাপ উদ্ধার করা হয়।

এরপর একই দিন রাত ৮টার দিকে চকপাড়া বিওপির আরেকটি বিশেষ টহলদল অভিযান চালায়। সীমান্তের ১৮৩/৪-এস পিলার থেকে প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শাহবাজপুর ইউনিয়নের নামোচকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়। সেখান থেকে ১০০ গ্রাম হেরোইন ও ৬০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

উদ্ধার করা মাদকদ্রব্যের বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আল-আমিন অপু অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে বিজিবি ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে কাজ করছে। সীমান্তে চোরাচালান ও মাদক প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।