১৬৬

চাঁদপুরের কচুয়া উপজেলায় ইকরা আক্তার (১৯) নামে তিন মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে।

বুধবার (৮ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার বিতারা গ্রামের কপিল উদ্দিনের বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে কচুয়া থানা পুলিশ।

নিহত ইকরা আক্তার উপজেলার আশারকোটা গ্রামের ইউনুস মিয়ার মেয়ে। তার স্বামী সম্রাট হোসেন বিতারা গ্রামের সফিকুল ইসলাম (আলম)-এর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় চার মাস আগে পারিবারিকভাবে ইকরা আক্তার ও সম্রাট হোসেনের বিয়ে হয়। বর্তমানে ইকরা তিন মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। বিয়ের পর তিনি জানতে পারেন, তার স্বামী আগে কুমিল্লায় আরেকটি বিয়ে করেছেন এবং সেখানে তার স্ত্রী-সন্তানও রয়েছে—এ তথ্য গোপন রেখে তাকে বিয়ে করা হয়। এ ঘটনাকে কেন্দ্র করে দাম্পত্য জীবনে কলহের সৃষ্টি হয়।

পরিবারের দাবি, বিয়ের পর থেকেই ইকরার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হচ্ছিল। বুধবার সকালে ইকরাকে তার মা ও বোন স্বামীর বাড়িতে পৌঁছে দিয়ে ফিরে যাওয়ার পরই তারা খবর পান, ইকরা মারা গেছেন।

নিহতের ভাই ইমন হোসেন অভিযোগ করে বলেন, তার বোন আত্মহত্যা করেননি; বরং তাকে পরিকল্পিতভাবে হত্যা করে গলায় ফাঁসের নাটক সাজানো হয়েছে।

এ বিষয়ে কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ বোরহান উদ্দিন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে উঠেছে।