১০৩

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী-এর নির্বাচন কমিশনবিরোধী সমালোচনার জবাবে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, “উনার এ ধরনের কথা শুনে আমরা অভ্যস্ত। উনি প্রায়ই আমাদের সঙ্গে দেখা করতেন, অথচ বের হয়েই আমাদের গালি দিতেন। এটা নতুন কিছু নয়।”

সোমবার রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (আরএফইডি) আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাজধানীর নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সিইসি বলেন, অনেকের কাছে এসব মন্তব্য নতুন মনে হলেও তিনি এতে সামান্যও মনঃক্ষুণ্ণ নন। তার ভাষায়, “শুধু প্রশংসা করলে সঠিক মূল্যায়ন হয় না। উনি তার নিজস্ব দৃষ্টিভঙ্গি থেকে যা বিশ্বাস করেন, সেটাই বলেছেন। এটাই গণতন্ত্রের সৌন্দর্য।”

তিনি আরও বলেন, অতীতে একপেশে প্রশংসার সংস্কৃতির কারণে দেশ কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েছে। তাই সমালোচনাকেও গণতান্ত্রিক প্রক্রিয়ার অংশ হিসেবে দেখার আহ্বান জানান তিনি।

জাতীয় নির্বাচন আয়োজন প্রসঙ্গে সিইসি বলেন, সরকারের সহযোগিতা ছাড়া নির্বাচন পরিচালনা প্রায় অসম্ভব। তবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নির্বাচন কমিশনের স্বাধীনতায় হস্তক্ষেপ না করার বিষয়ে উপদেষ্টা পরিষদকে স্পষ্ট নির্দেশনা দিয়েছিলেন বলেও জানান তিনি।