১৫১

শরীয়তপুর সদর উপজেলায় নিখোঁজের ২৩ দিন পর একটি পুরাতন কবর থেকে মন্টু বেপারী ওরফে মনু বেপারী (৬০) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে।

সোমবার দুপুরে সদর উপজেলার আংগারিয়া ইউনিয়নের চরচটাং এলাকায় স্থানীয় হাসেম মাদবরের কবর থেকে তার লাশ উদ্ধার করেন স্বজন ও স্থানীয়রা। লাশের শরীরে গামছা ও বিছানার চাদর প্যাঁচানো ছিল।

নিহত মন্টু বেপারী ওই গ্রামের মৃত সোনাই বেপারীর ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, গত ২৭ মার্চ তিনি নিখোঁজ হন। পরে দীর্ঘদিন খোঁজ না পেয়ে তার বোন মিনারা বেগম পালং মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। এরপরও তার কোনো সন্ধান মেলেনি।

পরবর্তীতে বাড়ির পাশের কয়েক বছর আগে দাফন করা একটি কবরের পাশে নতুন মাটি দেখতে পান স্থানীয়রা। সেখানে মাটি খুঁড়ে গামছা ও চাদর মোড়ানো অবস্থায় মনু বেপারীর মরদেহ পাওয়া যায়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালে পাঠায়।

নিহতের পরিবারের দাবি, জমি-টাকা সংক্রান্ত বিরোধ ও পারিবারিক দ্বন্দ্বের জেরে তাকে পরিকল্পিতভাবে হত্যা করে লাশ কবরের মধ্যে লুকিয়ে রাখা হয়েছে। তারা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিচার দাবি করেছে।

পালং মডেল থানার ওসি শাহ আলম জানান, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।