১৩

বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে হারের পর মাঠে সংঘর্ষে জড়ানোর ঘটনায় আর্জেন্টিনার ডিফেন্ডার নাউয়েল মলিনার শাস্তি কমিয়েছে ফিফা। সাত ম্যাচের নিষেধাজ্ঞা কমিয়ে চার ম্যাচ করেছে সংস্থাটির আপিল কমিটি। তবে সতীর্থ লেয়ান্দ্রো পারেদেসের ১০ ম্যাচের নিষেধাজ্ঞা বহাল রাখা হয়েছে।

শুক্রবার রাতে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) জানায়, মলিনার শাস্তি কমানোর আবেদন গ্রহণ করেছে ফিফার আপিল কমিটি। তবে পারেদেসের নিষেধাজ্ঞা বহাল থাকায় এ সিদ্ধান্তের বিরুদ্ধে ক্রীড়া সালিশি আদালতে (সিএএস) আপিল করার ঘোষণা দিয়েছে সংস্থাটি।

বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হারের পর দুই দলের খেলোয়াড়দের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্পেনের শিরোপা উদ্‌যাপনের সময় স্প্যানিশ মিডফিল্ডার রদ্রিকে ঘুষি মারেন মলিনা। এ ঘটনায় তাঁকে সাত ম্যাচের নিষেধাজ্ঞার পাশাপাশি ৬০ হাজার ডলার জরিমানা করেছিল ফিফা। আপিলের পর নিষেধাজ্ঞা কমলেও জরিমানার অঙ্ক অপরিবর্তিত রয়েছে।

সংঘর্ষের সময় স্পেনের এরিক গার্সিয়াকে ধাক্কা ও আঘাত করেন পারেদেস। একই ঘটনায় গাভির সঙ্গেও সংঘর্ষে জড়ান তিনি। এসব ঘটনার জেরে পারেদেসের ১০ ম্যাচের নিষেধাজ্ঞা ও ৯০ হাজার ডলার জরিমানা বহাল রেখেছে ফিফার আপিল কমিটি।

এ ছাড়া বৈষম্যমূলক স্লোগানের ঘটনায় ফিফার শৃঙ্খলা কমিটির আরোপ করা ৩ লাখ ২১ হাজার ডলারের জরিমানাও বহাল রয়েছে।

এএফএ জানিয়েছে, পারেদেসের নিষেধাজ্ঞা এবং বৈষম্যমূলক স্লোগানের জরিমানার বিরুদ্ধে সিএএসে আপিল করবে তারা। এর আগে ফিফার সিদ্ধান্তের বিস্তারিত ব্যাখ্যা চাওয়া হবে। সংস্থাটির দাবি, আপিলের পক্ষে তাদের কাছে যথেষ্ট তথ্যগত ও আইনি যুক্তি রয়েছে।

এরই মধ্যে আগের আন্তর্জাতিক বিরতিতে নিষেধাজ্ঞার ম্যাচগুলো শেষ করেছেন আর্জেন্টিনার থিয়াগো আলমাদা ও রবার্তো আয়ালা। আলমাদাকে এক ম্যাচের নিষেধাজ্ঞা ও ৩০ হাজার ডলার জরিমানা করা হয়েছিল। অন্যদিকে, দানি ওলমোকে ঘুষি মারার ঘটনায় আয়ালাকে তিন ম্যাচের নিষেধাজ্ঞা ও ৩০ হাজার ডলার জরিমানা করা হয়।

নভেম্বরের আন্তর্জাতিক বিরতিতে দুটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। আগামী ১৩ নভেম্বর বুয়েনস এইরেসে উরুগুয়ের মুখোমুখি হবে তারা। এরপর ১৭ নভেম্বর কর্দোবায় খেলবে কোস্টারিকার বিপক্ষে।