৫৫

ঢাকার তুরাগ নদ থেকে কে এম তাহসিফ সাউরি (২৮) নামে বিমানবাহিনীর এক সাবেক কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। নিখোঁজ হওয়ার এক দিন পর বুধবার বিকেলে টঙ্গীর রাজাবাড়ি ঘাটসংলগ্ন নদ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

নৌ পুলিশের ঢাকা অঞ্চলের টঙ্গী ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিন বৃহস্পতিবার সকালে মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন।

ফিরোজ উদ্দিন জানান, জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ খবর পেয়ে বুধবার বিকেল সাড়ে চারটার দিকে নৌ পুলিশের একটি দল তুরাগ নদ থেকে তাহসিফের মরদেহ উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মরদেহটি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়।

নৌ পুলিশের এই কর্মকর্তা বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর তাঁর মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

তাহসিফ অবসরপ্রাপ্ত ফ্লাইট লেফটেন্যান্ট ছিলেন। তিনি পরিবারের সদস্যদের সঙ্গে রাজধানীর উত্তরার ১৮ নম্বর সেক্টরের একটি ফ্ল্যাটে থাকতেন। তাঁর বাবার নাম কে এম এনায়েত হেলাল। গত মঙ্গলবার থেকে তিনি নিখোঁজ ছিলেন।

এ বিষয়ে বক্তব্য জানতে তাহসিফের পরিবারের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।