২২

‘ল্যাহরা দো তিরঙ্গা’ মিছিলের প্রাক্কালে আটক হন দুই যুবনেতা; প্রতিরোধমূলক হেফাজতে নেওয়ার ঘটনায় দিল্লি পুলিশের ভূমিকা নিয়ে ছাত্রসংগঠনগুলোর তীব্র ক্ষোভ।

নয়াদিল্লি: ভারতের রাজধানী নয়াদিল্লিতে ভোটার তালিকা সংশোধন ও প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে আয়োজিত প্রতিবাদ মিছিলের প্রাক্কালে আটক হওয়া অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (এআইএসএ)-এর সভাপতি নেহা বোরাকে মুক্তি দিয়েছে দিল্লি পুলিশ। তবে ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)-এর প্রতিষ্ঠাতা ও তরুণ নেতা অভিজিৎ দীপকে এখনো পুলিশি হেফাজতে রয়েছেন।

আজ শনিবার (১৭ই অক্টোবর ২০২৬) সকালে ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গত শুক্রবার সন্ধ্যায় দিল্লির কেন্দ্রীয় এলাকায় সিজেপির উদ্যোগে ‘ল্যাহরা দো তিরঙ্গা’ (জাতীয় পতাকা উত্তোলন) শীর্ষক প্রতিবাদ কর্মসূচি পালিত হওয়ার কথা ছিল। তবে সম্ভাব্য আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় কর্মসূচি শুরু হওয়ার আগেই পুলিশ অভিযান চালিয়ে ঝান্ডেওয়ালান এলাকা থেকে অভিজিৎ দীপকে এবং মান্ডি হাউস এলাকা থেকে নেহা বোরাকে আটক করে।

শনিবার সকালে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে নেহা বোরাকে মুক্তি দেওয়া হলেও অভিজিৎ দীপকের বিরুদ্ধে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার (BNSS) ১২৬ ও ১৭০ ধারায় আইনি পদক্ষেপ গ্রহণ করেছে দিল্লি পুলিশ। পরবর্তী আইনি প্রক্রিয়া ও শুনানির জন্য তাকে স্পেশাল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করার কথা রয়েছে।

এদিকে, এই আটক ও পুলিশের কড়াকড়ি নিয়ে তীব্র নিন্দা জানিয়েছে এআইএসএ ও সিজেপি নেতৃবৃন্দ। সংগঠনের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে, আটকের পর প্রথমে তাদের আইনজীবীদের সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি এবং নির্বিচারে এক স্থান থেকে অন্য স্থানে ঘোরানো হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচন কমিশনের বিরুদ্ধে তরুণদের এই আন্দোলন এবং পুলিশের প্রতিরোধমূলক ব্যবস্থা দিল্লি জুড়ে রাজনৈতিক উত্তাপ আরও বাড়িয়ে দিয়েছে।