৪৩

সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে বর্তমানে গ্রেপ্তারের মতো কোনো অভিযোগ সরকারের কাছে নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

রোববার (২৬ জুলাই) সচিবালয়ে পুলিশের সাহসিকতা ও প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ পুরস্কার ও সম্মাননা প্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সাবেক রাষ্ট্রপতির গ্রেপ্তারের দাবিতে বিভিন্ন রাজনৈতিক দলের আন্দোলনের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাজনৈতিক দলগুলোর মত প্রকাশ ও প্রতিবাদের অধিকার রয়েছে। তবে সরকার এ মুহূর্তে মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে এমন কোনো অভিযোগ আমলে নেওয়ার প্রয়োজন দেখছে না।

তিনি বলেন, রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালনকালে মো. সাহাবুদ্দিন সংবিধান অনুযায়ী দায়িত্ব পালন করেছেন। স্বৈরাচারের শেষ সময়, অন্তর্বর্তী সরকার এবং বর্তমান সরকারের সময়েও তিনি সাংবিধানিক দায়িত্ব পালন করেছেন। এ সময় সরকার তার সহযোগিতা পেয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, আইন অনুযায়ী সাবেক রাষ্ট্রপতি যেসব সুযোগ-সুবিধা পাওয়ার অধিকারী, তিনি সেগুলো পাবেন। একই সঙ্গে তার প্রয়োজনীয় নিরাপত্তাও নিশ্চিত করা হবে।