১৭৭

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার ঘোড়দোড় বাজার সংলগ্ন পদ্মা নদী থেকে অজ্ঞাত এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে নৌপুলিশ। পরে গাজীপুর জেলা পুলিশ মরদেহটি কাপাসিয়ায় একই পরিবারের ৫ জনকে হত্যার ঘটনায় অভিযুক্ত ফোরকান মোল্লার বলে নিশ্চিত করেছে।

নৌপুলিশ জানায়, শনিবার (১৬ মে) দুপুর ২টার দিকে পদ্মা নদীতে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। পরে গাজীপুর পুলিশ পরিচয় শনাক্ত করে নিশ্চিত করে এটি ফোরকানের মরদেহ। মরদেহটি গাজীপুরে নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছে।

উল্লেখ্য, গত ৯ মে সকালে গাজীপুরের কাপাসিয়ার রাউৎকোনা এলাকায় একটি বাড়ি থেকে একই পরিবারের পাঁচজনের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহতদের মধ্যে ছিলেন শারমিন খানম, তার তিন সন্তান এবং শ্যালক রসুল মোল্লা। শারমিন ছিলেন অভিযুক্ত ফোরকানের স্ত্রী।

ঘটনাটি পারিবারিক কলহের জেরে ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।