২৩১

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডান লিঞ্চ-এর নেতৃত্বে একটি প্রতিনিধিদল আজ মঙ্গলবার (৫ মে) ঢাকায় আসছে। প্রতিনিধিদলটি ৫ থেকে ৭ মে পর্যন্ত বাংলাদেশ সফর করবে।

মূলত বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরও জোরদার করার লক্ষ্যেই এই সফর অনুষ্ঠিত হচ্ছে বলে জানিয়েছে ঢাকায় অবস্থিত যুক্তরাষ্ট্র দূতাবাস।

সোমবার (৪ মে) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে দূতাবাসের মুখপাত্র পূর্ণিমা রাই জানান, পারস্পরিক বাণিজ্যচুক্তি বাস্তবায়নের মাধ্যমে দুই দেশের বাজারে প্রবেশাধিকার সহজ হবে, বিনিয়োগ বাধা কমবে এবং বাণিজ্যিক সুযোগ বৃদ্ধি পাবে, যা অর্থনৈতিক প্রবৃদ্ধিকে আরও গতিশীল করবে।

উল্লেখ্য, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে “অ্যাগ্রিমেন্ট অন রেসিপ্রোক্যাল ট্রেড (এআরটি)” চুক্তি গত ৯ ফেব্রুয়ারি স্বাক্ষরিত হয়। চুক্তি অনুযায়ী বাংলাদেশকে ১৩১টি এবং যুক্তরাষ্ট্রকে ৬টি শর্ত মানতে হবে।

তবে চুক্তিটি নিয়ে ইতোমধ্যে দেশে নানা সমালোচনা শুরু হয়েছে। বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন এর বিরোধিতা করে চুক্তি বাতিলের দাবি জানিয়েছে। অর্থনীতিবিদরা বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার মাধ্যমে গ্রহণযোগ্য সমাধানের আহ্বান জানিয়েছেন।

এদিকে চুক্তি এখনো কার্যকর না হলেও এর শর্ত অনুযায়ী বাংলাদেশ ইতোমধ্যে যুক্তরাষ্ট্র থেকে বিভিন্ন পণ্য আমদানির উদ্যোগ নিয়েছে, যা নিয়েও প্রশ্ন উঠেছে।