২৩৫

পশ্চিমবঙ্গে প্রকাশ্যে পশু জবাইয়ের ওপর নতুন বিধিনিষেধ জারি করেছে রাজ্য সরকার। নতুন নির্দেশনা অনুযায়ী, গরুসহ সব ধরনের পশু খোলা জায়গা বা জনসমাগমস্থলে জবাই করা নিষিদ্ধ করা হয়েছে। এ সিদ্ধান্তকে কেন্দ্র করে রাজ্যজুড়ে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, রাজ্য সরকার এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ সিদ্ধান্ত কার্যকর করেছে। নতুন নিয়মে বলা হয়েছে, সরকারি অনুমোদন ও নির্ধারিত ছাড়পত্র ছাড়া গরু, ষাঁড়, মহিষসহ কোনো পশু জবাই করা যাবে না। নিয়ম অমান্য করলে ছয় মাস পর্যন্ত কারাদণ্ড, জরিমানা বা উভয় দণ্ড হতে পারে।

নির্দেশনায় বলা হয়, পশু জবাইয়ের আগে স্থানীয় প্রশাসন ও সরকারি পশু চিকিৎসকের কাছ থেকে ফিটনেস সনদ নিতে হবে। সনদে উল্লেখ থাকতে হবে যে পশুটির বয়স ১৪ বছরের বেশি এবং সেটি আর কাজ বা প্রজননের উপযোগী নয়। এছাড়া গুরুতর অসুস্থতা, বিকলাঙ্গতা বা স্থায়ী অক্ষমতার ক্ষেত্রেও জবাইয়ের অনুমতি দেওয়া হতে পারে।

এই সনদ যৌথভাবে পৌরসভার চেয়ারম্যান বা পঞ্চায়েত সমিতির সভাপতি এবং সরকারি পশু চিকিৎসক প্রদান করবেন। কোনো আবেদন বাতিল হলে তার কারণ লিখিতভাবে জানাতে হবে। ক্ষতিগ্রস্ত ব্যক্তি চাইলে ১৫ দিনের মধ্যে রাজ্য সরকারের কাছে আপিল করতে পারবেন বলেও নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।

নতুন বিধি অনুযায়ী, অনুমোদিত পশু শুধুমাত্র পৌরসভার কসাইখানা বা প্রশাসন নির্ধারিত স্থানে জবাই করা যাবে। খোলা জায়গা বা জনসমাগমপূর্ণ এলাকায় পশু জবাই পুরোপুরি নিষিদ্ধ থাকবে।

নিয়ম বাস্তবায়নে প্রশাসনের অনুমোদিত কর্মকর্তাদের বিভিন্ন স্থাপনা পরিদর্শনের ক্ষমতাও দেওয়া হয়েছে। এ কাজে বাধা দেওয়া যাবে না বলেও স্পষ্ট করা হয়েছে।

এদিকে নতুন এ সিদ্ধান্তকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। বিভিন্ন মহল বিষয়টিকে ধর্মীয় ও সামাজিক দৃষ্টিকোণ থেকে দেখছেন, অন্যদিকে সরকার বলছে এটি জনস্বাস্থ্য, পরিবেশ ও আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে নেওয়া পদক্ষেপ।