২৪৫

আজ মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১০টা থেকে সারাদেশে শুরু হয়েছে ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা। প্রথম দিনে বাংলা প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে কেন্দ্রে প্রবেশের নির্দেশনা থাকায় পরীক্ষার্থীরা সকাল থেকেই নির্ধারিত কেন্দ্রে উপস্থিত হতে শুরু করে। এবার মোট ৩০ হাজার ৬৬৬টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ১৮ লাখ ৫৭ হাজার শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে। এর মধ্যে ৯ লাখ ৩০ হাজার ৩০৫ জন ছাত্র এবং ৯ লাখ ২৭ হাজার ৩৯ জন ছাত্রী।

শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ৩ হাজার ৮৮৫টি পরীক্ষাকেন্দ্রে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে আগেই সংশ্লিষ্ট দপ্তরে নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি কেন্দ্রের আশপাশে যানজট নিয়ন্ত্রণে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

শিক্ষা উপদেষ্টা জানিয়েছেন, পরীক্ষার পরিবেশ স্বচ্ছ ও নকলমুক্ত রাখতে কঠোর নজরদারি থাকবে এবং কোনো ধরনের আতঙ্ক সৃষ্টি না করার জন্য সবাইকে অনুরোধ জানানো হয়েছে।

এছাড়া ৩ হাজার ২০৯টি কেন্দ্র সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে। আন্তঃশিক্ষাবোর্ড সমন্বয় কমিটির সভাপতি জানান, কেন্দ্রগুলোতে সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে।