৯১

ফ্যামিলি কার্ড বিতরণ, খাল পুনঃখননসহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতে চাঁদপুরের উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (১৬ মে) সকাল সাড়ে ৮টার পর গুলশানের বাসভবন থেকে সড়কপথে তিনি চাঁদপুরের উদ্দেশ্যে যাত্রা করেন।

সফরকালে তিনি দুটি খালের পুনঃখনন কাজের উদ্বোধন করবেন। পাশাপাশি ফ্যামিলি কার্ড বিতরণ, পথসভা এবং জেলা বিএনপির সাংগঠনিক সভায় অংশ নেওয়ার কথা রয়েছে।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে তারেক রহমানের জনসমাবেশকে ঘিরে চাঁদপুর সরকারি কলেজ মাঠে বিশাল মঞ্চ প্রস্তুত করা হয়েছে। স্থানটি ঘিরে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। একই সঙ্গে বিএনপির নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

জানা যায়, ২০০৪ সালে তারেক রহমান বিএনপির কর্মী হিসেবে চাঁদপুরে সফর করেছিলেন। তবে এবার দলীয় প্রধান হিসেবে এটিই তার প্রথম সফর।

অনুষ্ঠানস্থল পরিদর্শন করেছেন সরকারের তিনজন মন্ত্রী। শুক্রবার রাতে চাঁদপুর সরকারি কলেজ মাঠ পরিদর্শন করেন শিক্ষা ও গণশিক্ষা মন্ত্রী, সমাজকল্যাণমন্ত্রী এবং পানিসম্পদমন্ত্রী।