১০৯

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার বাণিজ্য চুক্তি নিয়ে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে জামায়াতে ইসলামীর সঙ্গে কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছেন দলটির আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

শুক্রবার (১৫ মে) বিকেলে রংপুর জেলা শিল্পকলা একাডেমিতে সুধী সমাবেশে যোগ দেওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, “সরকারের পক্ষ থেকে কেউ কোনোদিন আমাদের সঙ্গে এ বিষয়ে কোনো আলোচনা করেনি। আমি দায়িত্ব নিয়ে বলছি, তৎকালীন বা বর্তমান সরকারের পক্ষ থেকে এ বিষয়ে আমাদের সঙ্গে একটি শব্দও উচ্চারণ করা হয়নি।”

ডা. শফিকুর রহমান আরও অভিযোগ করেন, সরকার ইতোমধ্যে বিভিন্ন ক্ষেত্রে “উল্টাপাল্টা সিদ্ধান্ত” নিয়েছে এবং জনগণের প্রত্যাশা উপেক্ষা করা হয়েছে। তিনি বলেন, গণভোট ইস্যুতে জনগণের রায় উপেক্ষিত হয়েছে এবং সরকার তা অগ্রাহ্য করেছে।

তিনি দাবি করেন, জনগণের রায় বাস্তবায়নে তাদের দল সংসদের ভেতরে ও বাইরে আন্দোলন চালিয়ে যাবে।

এ সময় তিনি আরও বলেন, স্থানীয় সরকার ও বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদে দলীয় অনুগতদের নিয়োগ দেওয়া হচ্ছে, যা গণতান্ত্রিক প্রক্রিয়ার পরিপন্থী।

পদ্মা ব্যারেজ প্রকল্পকে স্বাগত জানালেও তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি পুনর্ব্যক্ত করেন জামায়াত আমির।

অনুষ্ঠানে জামায়াতের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।