২৬৯

নারায়ণগঞ্জের ফতুল্লায় দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে পাকিস্তানি খাল পরিষ্কার ও খনন কার্যক্রম শুরু হয়েছে। জেলা পরিষদের উদ্যোগে নেওয়া এ কর্মসূচিকে ঘিরে স্থানীয়দের মধ্যে স্বস্তি ও আশার সঞ্চার হয়েছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ খাল খনন কার্যক্রমের উদ্বোধন করেন বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

ডিএনডি বাঁধের অভ্যন্তরে ফতুল্লা ইউনিয়নের ইসদাইর, লালপুর, পৌষারপুকুরপাড়, মাসদাইর ও গাবতলী এলাকার পানি নিষ্কাশনের প্রধান মাধ্যম এই পাকিস্তানি খাল। তবে গত দুই দশকে দখল ও অব্যবস্থাপনার কারণে খালটি প্রায় হারিয়ে যেতে বসেছে। ফলে পানি প্রবাহ বাধাগ্রস্ত হয়ে বছরের অধিকাংশ সময় এসব এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হতো এবং সামান্য বৃষ্টিতেই ব্যাপক জনদুর্ভোগ দেখা দিত।

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে জলাবদ্ধতার কারণে শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসা-বাণিজ্য ও দৈনন্দিন চলাচলে চরম ভোগান্তি পোহাতে হয়েছে। তবে খাল খননের উদ্যোগে তারা নতুন করে আশাবাদী হয়েছেন। তাদের মতে, কার্যক্রমটি সম্পন্ন হলে পানি নিষ্কাশনের স্বাভাবিক প্রবাহ ফিরবে এবং জলাবদ্ধতা অনেকাংশে কমে আসবে।

নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ বলেন, ফতুল্লাবাসীর দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবে তারা আন্তরিকভাবে কাজ করছেন। খাল খনন কার্যক্রম সফলভাবে সম্পন্ন হলে এলাকাবাসী স্থায়ী সুফল ভোগ করবে।

এ সময় স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।