১৭১

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য মনোনয়নপ্রাপ্ত প্রার্থীদের তালিকা চূড়ান্ত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। ঘোষিত তালিকায় স্থান পাননি আলোচিত মডেল ও অ্যাক্টিভিস্ট ফারজানা সিঁথি।

সোমবার (২০ এপ্রিল) নয়াপল্টনে দলীয় কার্যালয়ে প্রার্থীদের নাম ঘোষণা করেন রুহুল কবির রিজভী।

চূড়ান্ত তালিকায় মনোনয়ন পেয়েছেন সেলিমা রহমান, শিরিন সুলতানা, রাশেদা বেগম হিরা, রেহানা আক্তার রানু, নেওয়াজ হালিমা আর্লি, ফরিদা ইয়াসমিন, বিলকিস ইসলাম, শাকিলা ফারজানা, হেলেন জেরিন খান, নিলুফার চৌধুরী মনি, নিপুণ রায় চৌধুরীসহ আরও কয়েক ডজন প্রার্থী।

মনোনয়ন সংগ্রহের পর ফারজানা সিঁথি জানিয়েছিলেন, তিনি নড়াইল-২ আসন থেকে ফরম নিয়েছেন এবং চূড়ান্তভাবে মনোনয়ন পাওয়ার ব্যাপারে আশাবাদী ছিলেন। তবে শেষ পর্যন্ত সেই প্রত্যাশা পূরণ হয়নি।

যশোরের বাসিন্দা ফারজানা সিঁথি আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা The Hunger Project Bangladesh-এর বরগুনা সদর শাখার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সের ২০১৯–২০ সেশনের শিক্ষার্থী।

২০২৪ সালের ১৬ আগস্ট শাহবাগ থানা এলাকায় একটি ঘটনার জেরে সেনাবাহিনীর এক কর্মকর্তার সঙ্গে বাকবিতণ্ডার ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হলে তিনি আলোচনায় আসেন।

এছাড়া তিনি জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর-এর ‘ইচ্ছেরা’ (বাংলা) ও ‘বেপানা দিল’ (হিন্দি) শিরোনামের গানের মিউজিক ভিডিওতে মডেল হিসেবেও কাজ করেছেন। বর্তমানে তিনি মডেল ও অ্যাক্টিভিস্ট—উভয় পরিচয়েই পরিচিত।