১১১

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় হামে আক্রান্ত হয়ে মো. হুজাইফা (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। পরিবার ও স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, শুরুতে চিকিৎসার বদলে ঝাড়ফুঁক ও পানিপড়ার ওপর নির্ভর করায় সময় নষ্ট হয়, যা পরে প্রাণঘাতী হয়ে ওঠে। শুক্রবার (১৭ এপ্রিল) ভোরে ঢাকার ডিএনসিসি হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত হুজাইফা উপজেলার ধরমণ্ডল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মাওলানা আশিকুর রহমানের ছেলে এবং স্থানীয় দারুল নেজাত ইসলামিয়া মাদরাসার শিক্ষার্থী ছিল।

নাসিরনগর স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, ১৫ এপ্রিল রাতে গুরুতর অসুস্থ অবস্থায় শিশুটিকে নাসিরনগর ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়। তখন তার প্রচণ্ড জ্বর, ডায়রিয়া ও শ্বাসকষ্ট ছিল। চিকিৎসকেরা প্রয়োজনীয় চিকিৎসা দিলেও পরিবারের পক্ষ থেকে কিছু ওষুধ ও স্যালাইন খুলে ফেলা হয় বলে অভিযোগ রয়েছে। পরে অবস্থার অবনতি হলে তাকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয় এবং সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।

পরিবারের পক্ষ থেকে স্বীকার করা হয় যে শুরুতে ঝাড়ফুঁক ও পানিপড়ার ওপর নির্ভর করা হয়েছিল। শিশুটির বাবা মাদরাসা শিক্ষক আশিকুর রহমান বলেন, চিকিৎসায় দেরি হওয়ায় এমন পরিণতি হয়েছে।

চিকিৎসকরা বলছেন, সময়মতো চিকিৎসা না নেওয়া এবং কুসংস্কারের কারণে পরিস্থিতি জটিল হয়ে পড়ে। নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক জানান, হামের উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের কাছে যাওয়া জরুরি।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গত ১৬ দিনে নাসিরনগরে হামের উপসর্গ নিয়ে ৩৬ শিশু হাসপাতালে চিকিৎসা নিয়েছে, যার মধ্যে বর্তমানে ১২ জন ভর্তি রয়েছে।