৪৭

টাঙ্গাইলের মধুপুর উপজেলা-এ নিখোঁজের একদিন পর ফাতেমা আক্তার (৫) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয় একটি ভুট্টা খেত থেকে তার মরদেহ পাওয়া যায়।

রোববার (১২ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম ফজলুল হক। নিহত ফাতেমা উপজেলার মীর্জাবাড়ি ইউনিয়নের ভবানীটেকি লেংড়া বাজার এলাকার বাসিন্দা আবু সামার মেয়ে। আবু সামা পেশায় একজন টেইলার্স ব্যবসায়ী।

পুলিশ জানায়, গত শনিবার (১১ এপ্রিল) সকাল থেকে ফাতেমা নিজ বাড়ি থেকে নিখোঁজ হয়। পরিবারের সদস্যরা দিনভর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। পরে বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়।

এর একদিন পর বাড়ির পাশের একটি ভুট্টা খেতে শিশুটির মরদেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

পুলিশের প্রাথমিক ধারণা, স্বর্ণের চেইন লুটের উদ্দেশ্যে প্রতিবেশী এক মাদকাসক্ত চাচাতো ভাই এ ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে। তাকে গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।

মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ঘটনাটি এলাকায় চরম শোক ও ক্ষোভের সৃষ্টি করেছে। স্থানীয়রা দ্রুত অপরাধীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।