২৫৭

জামালপুরে এক বিএনপি নেতার ছেলের বিরুদ্ধে ৫ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী শিশুটি স্থানীয় একটি নূরানী মাদ্রাসার প্লে-শ্রেণির ছাত্রী।

এ ঘটনায় শনিবার (১১ এপ্রিল) বিকেলে শিশুটির বাবা শাহজাহান মিয়া বাদী হয়ে জামালপুর থানা-য় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন।

অভিযুক্ত মো. অনিক (১৬) সদর উপজেলার শ্রীপুর ইউনিয়নের হায়াৎপুর গ্রামের বাসিন্দা। তিনি মজিবুর রহমানের ছেলে, যিনি স্থানীয়ভাবে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত বলে জানা গেছে।

মামলা সূত্রে জানা যায়, শুক্রবার (১০ এপ্রিল) সকাল ১০টার দিকে অনিক শিশুটিকে আখ খাওয়ানোর প্রলোভন দেখিয়ে ডেকে নিয়ে যায়। পরে একটি পোল্ট্রি ফার্মে নিয়ে গিয়ে তাকে নির্যাতন করা হয় বলে অভিযোগ করা হয়েছে। শিশুটি চিৎকার করলে অভিযুক্ত তাকে ছেড়ে দেয় এবং বাড়িতে ফেরার পথে শিশুটির মায়ের সঙ্গে দেখা হয়।

এ সময় শিশুটির শারীরিক অবস্থার বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত কিশোর জানায়, খেলতে গিয়ে সে আঘাত পেয়েছে। তবে শিশুটির অবস্থার অবনতি হলে রাতে তাকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

ভুক্তভোগীর পরিবারের অভিযোগ, আইনের আশ্রয় না নিতে অভিযুক্তের বাবা দলীয় প্রভাব খাটিয়ে চাপ প্রয়োগ করেছেন।

ইউনিয়ন বিএনপির সভাপতি জাকির হোসেন খোকন জানান, মজিবুর রহমান ইউনিয়ন বিএনপির সম্পাদকমণ্ডলীর সদস্য। তবে এ বিষয়ে তিনি বিস্তারিত মন্তব্য করতে রাজি হননি।

এদিকে জামালপুর সদর উপজেলা বিএনপির সভাপতি সফিউর রহমান শফি বলেন, অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্তের শাস্তি নিশ্চিত করা হবে এবং সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ইয়াহিয়া আল মামুন জানান, অভিযোগ পাওয়ার পর ভুক্তভোগী শিশুর মেডিকেল পরীক্ষা সম্পন্ন করা হয়েছে এবং অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।