২৫৫

রংপুরে পেট্রোল পাম্পে তেল নিতে লাইনে দাঁড়িয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মেহেদী হাসান (৩২) নামে এক স্কুল শিক্ষকের মৃত্যু হয়েছে। শনিবার (১১ এপ্রিল) বিকেলে নগরীর পর্যটন মোটেলের সামনে অবস্থিত সুরমা পেট্রোল পাম্প-এ এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, নিহত মেহেদী হাসান নগরীর নিউ ইঞ্জিনিয়ার পাড়ার মতিউর রহমানের ছেলে। তিনি লাহিড়িরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। তিনি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ষষ্ঠ ব্যাচের শিক্ষার্থী ছিলেন।

পারিবারিক সূত্রে জানা যায়, তেল নেওয়ার জন্য তিনি ওই পাম্পে প্রায় সাড়ে তিন ঘণ্টা লাইনে দাঁড়িয়ে ছিলেন। এ সময় হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন এবং হৃদরোগে আক্রান্ত হন। পরে তাকে দ্রুত রংপুর প্রাইম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাদ রহমান জানান, তেল নিতে লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ঘটনাটির বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।