৩২

কুমিল্লার দেবিদ্বার উপজেলা-এ সিএনজিচালিত অটোরিকশা ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক নারী ও তাঁর শিশুপুত্র নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশাচালকসহ আরও তিনজন আহত হয়েছেন।

বুধবার (১৫ এপ্রিল) বেলা পৌনে ৩টার দিকে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের বানিয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান।

নিহতরা হলেন কুমিল্লার মুরাদনগর উপজেলা-এর জাড্ডা গ্রামের বাসিন্দা দিদার মিয়ার স্ত্রী রৌশন আরা বেগম (৩৮) এবং তাঁর ছেলে ইয়ামিন (৬)।

আহতরা হলেন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার তাজুল ইসলাম (৭৩) ও তাঁর স্ত্রী মিনু আরা বেগম (৬৫) এবং অটোরিকশাচালক জিসান (৩৫)। তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কুমিল্লা সেনানিবাস এলাকায় আত্মীয়ের বাসা থেকে একটি সিএনজিচালিত অটোরিকশায় করে বাড়ি ফিরছিলেন পরিবারের সদস্যরা। পথিমধ্যে বানিয়াপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যানের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়।

দুর্ঘটনায় ঘটনাস্থলেই রৌশন আরা বেগম নিহত হন। গুরুতর আহত অবস্থায় অন্যদের উদ্ধার করে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক ইয়ামিনকে মৃত ঘোষণা করেন।

নিহতের বাবা তাজুল ইসলাম জানান, তারা আত্মীয়ের বাসা থেকে ফেরার পথে একটি দ্রুতগামী কাভার্ড ভ্যান তাদের অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মেয়ে মারা যান এবং পরে হাসপাতালে নাতির মৃত্যু হয়।

দেবিদ্বার থানার ওসি মো. মনিরুজ্জামান জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে এবং দুর্ঘটনার কারণ অনুসন্ধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।