২২০

জামালপুরের ইসলামপুরে ফিলিং স্টেশনে তেল পাওয়া যাচ্ছে— এমন একটি খবর ফেসবুকে ছড়িয়ে পড়ার পর জ্বালানি না পেয়ে সড়ক অবরোধ করেছেন মোটরসাইকেল চালকরা। সোমবার (৬ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে ইসলামপুরের দেওয়ানগঞ্জ-জামালপুর আঞ্চলিক সড়কে গাছের গুঁড়ি ফেলে এই অবরোধ করা হয়। এতে সড়কের দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়ে যাত্রীদের ভোগান্তি চরমে পৌঁছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ইসলামপুরের ‘মেসার্স ঝর্ণা ফিলিং স্টেশনে’ জ্বালানি তেল বিক্রি করা হবে— এমন একটি তথ্য সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। এ খবর পেয়ে ভোর থেকেই শতাধিক মোটরসাইকেল চালক পাম্পের সামনে ভিড় করেন। তবে দীর্ঘ সময় অপেক্ষার পরও পাম্প কর্তৃপক্ষ তেল সরবরাহ না করায় অপেক্ষমাণ চালকদের মধ্যে ক্ষোভ তৈরি হয়। একপর্যায়ে বিক্ষুব্ধরা পাম্পের সামনে সড়কে গাছের গুঁড়ি ফেলে অবরোধ করেন।

প্রায় দুই ঘণ্টা অবরোধ চলায় গুরুত্বপূর্ণ এই আঞ্চলিক সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে রাস্তার দুই পাশে শত শত যানবাহন আটকে পড়ে এবং সাধারণ যাত্রীদের দুর্ভোগ বেড়ে যায়।

খবর পেয়ে সকাল সাড়ে ৯টার দিকে ইসলামপুর থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে অবরোধকারীরা সড়ক থেকে সরে গেলে ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হয়।

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাইয়ুম গাজী জানান, ফেসবুকের একটি পোস্ট থেকেই মূলত এই ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়। দ্রুত পদক্ষেপ নিয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে বিক্ষুব্ধদের শান্ত করে সড়ক স্বাভাবিক করে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে এবং যান চলাচল স্বাভাবিক হয়েছে।