২২৪

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান সামরিক অভিযানের সঙ্গে সংশ্লিষ্ট বিমানগুলোর জন্য নিজের আকাশসীমা বন্ধ করে দিয়েছে স্পেন। মধ্যপ্রাচ্যে এক মাসব্যাপী চলমান এই সংঘাতকে ঘিরে ওয়াশিংটন ও মাদ্রিদের মধ্যে মতবিরোধ আরও তীব্র হয়েছে।

সোমবার (৩১ মার্চ) স্পেনের প্রতিরক্ষামন্ত্রী মার্গারিতা রোব্লেস বলেন, ইরানের বিরুদ্ধে পরিচালিত অভিযানে অংশ নেওয়া কোনো বিমানই স্পেনের আকাশসীমা ব্যবহার করতে পারবে না। এর মধ্যে যুক্তরাজ্য বা ফ্রান্সসহ ন্যাটো দেশগুলোতে অবস্থানরত মার্কিন যুদ্ধবিমানও অন্তর্ভুক্ত। এর আগে দক্ষিণ স্পেনের রোটা ও মোরন দে লা ফ্রন্তেরা যৌথ ঘাঁটি থেকেও হামলার অনুমতি বাতিল করেছিল মাদ্রিদ।

রোব্লেস সাংবাদিকদের বলেন, একতরফাভাবে এবং আন্তর্জাতিক আইনের বিরুদ্ধে পরিচালিত কোনো যুদ্ধে স্পেন অংশ নেবে না বা সহযোগিতা করবে না। একই সুরে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ এই অভিযানকে “অবৈধ, বেপরোয়া ও অন্যায় যুদ্ধ” বলে মন্তব্য করেন।

স্প্যানিশ গণমাধ্যমের তথ্য অনুযায়ী, প্রায় ১৫টি মার্কিন কেসি-১৩৫ ট্যাঙ্কার বিমান ফ্রান্স ও জার্মানির ঘাঁটিতে সরিয়ে নেওয়া হয়েছে। স্পেনের আকাশসীমা ব্যবহার করা না গেলে যুক্তরাজ্যের ফেয়ারফোর্ড ঘাঁটি থেকে পরিচালিত বি-৫২ ও বি-১ বোমারু বিমানগুলোকে এখন দীর্ঘ পথ ঘুরে যেতে হচ্ছে, ফলে অভিযানের কার্যকারিতায় প্রভাব পড়ছে এবং জ্বালানি ব্যবস্থাপনাও জটিল হয়ে উঠছে।

এ বিষয়ে এল পাইস জানিয়েছে, ২০০৩ সালের ইরাক যুদ্ধের পর এটিই পশ্চিমা কোনো বড় মিত্র দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় প্রকাশ্য মতবিরোধগুলোর একটি। সেই সময়ও স্পেন অভ্যন্তরীণ বিরোধিতা সত্ত্বেও যুক্তরাষ্ট্রকে তার ভূখণ্ড ব্যবহারের অনুমতি দিয়েছিল।

ইরান যুদ্ধ ইস্যুতে ইউরোপীয় ইউনিয়নের মধ্যে স্পেন তুলনামূলকভাবে সরব অবস্থান নিয়েছে। দেশটি ইসরায়েল থেকে তার রাষ্ট্রদূত প্রত্যাহার করেছে এবং কূটনৈতিক সম্পর্কও নিম্নস্তরে নামিয়ে এনেছে। স্পেনের প্রধানমন্ত্রী বারবার সংঘাত বন্ধের আহ্বান জানিয়ে এটিকে আরও বড় বিপর্যয়ের আশঙ্কা হিসেবে উল্লেখ করেছেন।

অন্যদিকে, স্পেনের এই সিদ্ধান্তের সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বাণিজ্যিক পদক্ষেপ নেওয়ার ইঙ্গিত দিয়েছেন এবং ন্যাটোর প্রতিরক্ষা ব্যয়ের লক্ষ্য পূরণে স্পেনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন।

তবে স্পেন জানিয়েছে, আকাশসীমা ও নির্দিষ্ট ঘাঁটি ব্যবহারে নিষেধাজ্ঞা দিলেও তারা ন্যাটোর প্রতি তাদের প্রতিশ্রুতিতে অটল রয়েছে এবং অন্যান্য নিরাপত্তা সহযোগিতা অব্যাহত থাকবে।