১০৮

ইরানের রাজধানী তেহরানের অন্যতম প্রধান বাণিজ্যিক ও অভ্যন্তরীণ বিমানকেন্দ্র মেহরাবাদ বিমানবন্দরে বড় ধরনের হামলার ঘটনা ঘটেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

শুক্রবার (৬ মার্চ) রাতে চালানো এই হামলায় বিমানবন্দরের বেশ কিছু স্থাপনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং কয়েকটি উড়োজাহাজে আগুন ধরে যায়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া প্রত্যক্ষদর্শীদের বিভিন্ন ফুটেজে দেখা গেছে, মেহরাবাদ বিমানবন্দরের ভেতরে একটি উড়োজাহাজ দাউ দাউ করে জ্বলছে এবং আকাশের দিকে কুণ্ডলী পাকিয়ে ধোঁয়া উঠছে। স্যাটেলাইট চিত্রেও বিমানবন্দরের ওই এলাকায় বেশ কয়েকটি উড়োজাহাজ অবস্থান করতে দেখা গেছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, বিমানবন্দরের কিছু অংশ লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, তারা ইরানে নতুন করে বিস্তৃত আকারে হামলা শুরু করেছে। এর আগে গত ৪ মার্চও একই বিমানবন্দরে হামলা চালিয়েছিল ইসরায়েল। সে সময় তাদের পক্ষ থেকে দাবি করা হয়, ইসরায়েলি বিমানবাহিনীর জন্য হুমকিস্বরূপ প্রতিরক্ষা ও শনাক্তকরণ ব্যবস্থাগুলো ধ্বংস করা হয়েছে। এর মধ্যে বিমানবন্দরের হেলিকপ্টার তৈরির একটি অংশও অন্তর্ভুক্ত ছিল।

শুক্রবার রাতের এই হামলায় বিমানবন্দরের ঠিক কোন কোন স্থাপনায় বোমা আঘাত হেনেছে, তা এখনো পুরোপুরি স্পষ্ট নয়। তবে প্রত্যক্ষদর্শীদের মতে, আগের হামলাগুলোর তুলনায় এদিনের বোমা হামলা ছিল অনেক বেশি তীব্র ও ভয়াবহ।

এদিকে ইরান সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ বিবরণ বা হতাহতের কোনো আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করা হয়নি।