১

তিন বছর আগে এইচএসসি পরীক্ষায় পাসের হারে দেশের সাধারণ শিক্ষা বোর্ডগুলোর মধ্যে শীর্ষে ছিল বরিশাল শিক্ষা বোর্ড। ২০২৪ ও ২০২৫ সালেও দ্বিতীয় অবস্থানে ছিল বোর্ডটি। কিন্তু মাত্র তিন বছরের ব্যবধানে সেই বোর্ডই এবার পাসের হারে সবার নিচে নেমে এসেছে।

শনিবার (৩১ অক্টোবর) প্রকাশিত ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলে বরিশাল বোর্ডে পাসের হার দাঁড়িয়েছে ৪৪ দশমিক ৮৪ শতাংশ। অথচ ২০২৩ সালে এ বোর্ডে পাসের হার ছিল ৮০ দশমিক ৬৫ শতাংশ, যা ছিল নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের মধ্যে সর্বোচ্চ। ২০২৪ সালে ৮১ দশমিক ৮৫ শতাংশ পাসের হার নিয়ে দ্বিতীয় এবং গত বছর ৬২ দশমিক ৫৭ শতাংশ নিয়ে একই অবস্থানে ছিল বোর্ডটি।

এবার বরিশাল বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নেন ৫৭ হাজার ৯১২ জন। তাঁদের মধ্যে পাস করেছেন ২৫ হাজার ৯৭০ জন। অকৃতকার্য হয়েছেন ৩১ হাজার ৯৪২ জন। গত বছরের তুলনায় পরীক্ষার্থী ১ হাজার ৩২৭ জন কমলেও অকৃতকার্য শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে ৯ হাজার ৭৬৯ জন।

বিভাগভিত্তিক ফলাফলে সবচেয়ে বেশি খারাপ করেছে মানবিক বিভাগের শিক্ষার্থীরা। এ বিভাগে ৪০ হাজার ৪৮৮ জন পরীক্ষার্থীর মধ্যে ফেল করেছেন ২৩ হাজার ৫০৫ জন।

ব্যবসায় শিক্ষা বিভাগে পাসের হার ৪০ দশমিক ২৮ শতাংশ, গত বছর যা ছিল ৬২ দশমিক ০৪ শতাংশ। বিজ্ঞান বিভাগে এবার পাসের হার ৫৬ দশমিক ৭৮ শতাংশ। গত বছর এ হার ছিল ৭১ দশমিক ৫৮ শতাংশ।

বিষয়ভিত্তিক ফলেও বড় অবনতি হয়েছে ইংরেজিতে। গত বছর এ বিষয়ে বরিশাল বোর্ডে পাসের হার ছিল ৭৫ দশমিক ১৬ শতাংশ। এবার তা কমে দাঁড়িয়েছে ৫৪ দশমিক ০৮ শতাংশে।

লিঙ্গভিত্তিক ফলাফলে ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে রয়েছেন। বরিশাল বোর্ডে ছেলেদের পাসের হার ৩৫ দশমিক ৩৮ শতাংশ, মেয়েদের ক্ষেত্রে তা ৫২ দশমিক ৯৭ শতাংশ।

জেলাভিত্তিক ফলাফলে পিরোজপুর ছাড়া বোর্ডের অন্য জেলাগুলোতে পাসের হার ৫০ শতাংশের নিচে। ঝালকাঠিতে সবচেয়ে কম ৩৭ দশমিক ০৯ শতাংশ শিক্ষার্থী পাস করেছেন। পটুয়াখালীতে পাসের হার ৩৮ দশমিক ৫১ শতাংশ এবং ভোলায় ৩৯ দশমিক ৫৪ শতাংশ।

প্রতিষ্ঠানভিত্তিক ফলেও হতাশার চিত্র উঠে এসেছে। বরিশাল বোর্ডের ১১টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেননি। শতভাগ পাসের সাফল্য পেয়েছে মাত্র তিনটি প্রতিষ্ঠান।

এ বছর নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে সম্মিলিত পাসের হার ৫১ দশমিক ৬২ শতাংশ। গত বছর এ হার ছিল ৫৭ দশমিক ১২ শতাংশ।