২০০

ভারতের University of Lucknow-এ এক নারী শিক্ষার্থীকে প্রশ্নপত্র ফাঁসের প্রলোভন দেখিয়ে দীর্ঘদিন হয়রানির অভিযোগে সহকারী অধ্যাপক পরমজিৎ সিংকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার NDTV-র প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

অভিযোগ অনুযায়ী, প্রাণিবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক পরমজিৎ সিং পরীক্ষার প্রশ্নপত্র দেওয়ার আশ্বাস দিয়ে ওই শিক্ষার্থীকে ব্যক্তিগতভাবে দেখা করার জন্য চাপ দিতেন। পরে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি অডিও ক্লিপে তাকে শিক্ষার্থীর সঙ্গে আপত্তিকর ভঙ্গিতে কথা বলতে শোনা যায়।

অডিওতে অধ্যাপককে বলতে শোনা যায়, “ডার্লিং, তোমার জন্য প্রশ্ন জোগাড় করেছি।” এরপর তিনি শিক্ষার্থীকে দেখা করার অনুরোধ জানান। জবাবে ওই ছাত্রী বলেন, তিনি ইতোমধ্যে পড়াশোনা শেষ করেছেন এবং প্রশ্নপত্রের প্রয়োজন নেই। তবে এরপরও অভিযুক্ত শিক্ষক বারবার দেখা করার জন্য চাপ দেন বলে অভিযোগ ওঠে।

ভুক্তভোগী শিক্ষার্থী পরে দুটি অডিও ক্লিপ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে জমা দেন। বিষয়টি জানার পর বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক পুলিশের কাছে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেন।

ঘটনার পর বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি অভ্যন্তরীণ তদন্ত কমিটি গঠন করেছে। উপাচার্য ২৪ ঘণ্টার মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি পুলিশ অভিযুক্ত অধ্যাপককে আটক করে তদন্ত শুরু করেছে।

তবে পরমজিৎ সিং তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন, বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ রাজনীতির কারণে তাকে ফাঁসানো হচ্ছে।

এ ঘটনায় ক্যাম্পাসে শিক্ষার্থীদের বিক্ষোভও অনুষ্ঠিত হয়েছে। তারা অভিযুক্ত শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।