১৯৪

রাজধানীর গুলশানে স্কুলপড়ুয়া এক কিশোরকে যৌন নির্যাতনের অভিযোগে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তির নাম মঈনুদ্দিন চৌধুরী। তিনি একজন করপোরেট ট্রেইনার এবং রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন। রোববার সকালে গুলশানের শাহজাদপুর এলাকায় নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাউদ হোসেন জানান, নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের করা একটি মামলার ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

জানা গেছে, শাহজাদপুর এলাকার একটি বাসায় ভুক্তভোগী কিশোর তার পরিবারের সঙ্গে বসবাস করে। পাশের ফ্ল্যাটে থাকতেন অভিযুক্ত মঈনুদ্দিন। সম্প্রতি বাসার খেলার মাঠে খেলতে থাকা ১২ বছর বয়সী ওই কিশোরকে কৌশলে ডেকে নিয়ে বিভিন্ন প্রলোভন দেখিয়ে অনাকাঙ্ক্ষিত স্পর্শের মাধ্যমে নির্যাতন করেন তিনি। ঘটনাটি কাউকে না বলতে শিশুটিকে ভয়ভীতি দেখানো হয় বলেও অভিযোগ রয়েছে।

এ ঘটনায় পর ওই ভুক্তভোগী কিশোর শারীরিক ও মানসিকভাবে দুর্বল হয়ে পড়ে। ঘুমের ভেতর সে কেঁদে ওঠে, ভয়ে চিৎকার করতে থাকে। একপর্যায়ে পরিবারের সদস্যরা ঘটনাটি জানতে পারেন। পরে তাকে চিকিৎসকের কাছে নেওয়া হয়। এর মধ্যেই আরো একবার মঈনুদ্দিনের নির্যাতনের শিকার হয় ওই কিশোর।