২০৬

রবিবার (৩ মে) ভোরে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ভুনবীর ইউনিয়নের পশ্চিম লইয়ারকুল জামে মসজিদে ফজরের নামাজ চলাকালে এক ইমামকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

নিহত হাফিজ উদ্দিন ওই এলাকার পশ্চিম লইয়ারকুল গ্রামের বাসিন্দা ছিলেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মসজিদে স্থায়ী ইমাম না থাকায় ফজরের নামাজে হাফিজ উদ্দিন ইমামতি করছিলেন। নামাজের সময় তিনি সিজদারত অবস্থায় ছিলেন। এ সময় হঠাৎ জসিম মিয়া (৩০) নামে এক যুবক মসজিদে প্রবেশ করে তার ওপর অতর্কিত হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন।

স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে পথেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে শ্রীমঙ্গল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযান চালিয়ে অভিযুক্ত জসিম মিয়াকে আটক করে।

শ্রীমঙ্গল থানার উপ-পরিদর্শক (এসআই) সজিব চৌধুরী জানান, নিহত ও অভিযুক্ত ব্যক্তি একই এলাকার বাসিন্দা। হত্যার কারণ এখনও জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।