২৯

গাজায় শিশু ও নারীদের প্রাণহানি উদ্বেগজনক হারে অব্যাহত রয়েছে বলে জানিয়েছে ইউনিসেফ। শুক্রবার (১৭ এপ্রিল) সংস্থাটি জানায়, গত ছয় মাসে সেখানে অন্তত ২১৪ জন শিশু নিহত হয়েছে।

অন্যদিকে ইউএন উইমেন জানিয়েছে, গাজায় প্রায় ১০ লাখ নারী ও মেয়ে শিশু বাস্তুচ্যুত হয়েছে। সংস্থাটির প্রতিবেদনে বলা হয়, অক্টোবর ২০২৩ থেকে ডিসেম্বর ২০২৫ পর্যন্ত সময়ে গাজায় ৩৮ হাজারেরও বেশি নারী ও মেয়ে শিশু নিহত হয়েছে।

ইউএন উইমেনের তথ্য অনুযায়ী, চলমান সংঘাতের সময় প্রতিদিন গড়ে অন্তত ৪৭ জন নারী ও মেয়ে শিশু প্রাণ হারিয়েছে। সংস্থাটি আরও জানায়, ভঙ্গুর যুদ্ধবিরতির ছয় মাস পরও সেখানে প্রাণহানি থামেনি।

দুই বছর সংঘাত চলার পর ২০২৫ সালের অক্টোবরে যুদ্ধ থামলেও গাজার অর্ধেকের বেশি এলাকা ইসরাইলি বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। বাকি উপকূলীয় অংশের নিয়ন্ত্রণে রয়েছে হামাস।

ইউএন উইমেনের মানবিক কার্যক্রমের প্রধান সোফিয়া ক্যালটর্প জেনেভায় সাংবাদিকদের বলেন, “গাজায় সাম্প্রতিক সংঘাতে আগের যেকোনো সময়ের তুলনায় বেশি নারী ও মেয়ে নিহত হয়েছে।”

সংস্থাটি জানায়, যুদ্ধবিরতি কার্যকর হলেও নারী ও মেয়ে শিশুদের প্রাণহানি অব্যাহত রয়েছে। তবে লিঙ্গভিত্তিক পূর্ণাঙ্গ তথ্যের অভাবে সঠিক সংখ্যা নির্ধারণ করা কঠিন।

স্থানীয় চিকিৎসা সূত্রের তথ্য অনুযায়ী, গত অক্টোবর থেকে এখন পর্যন্ত ৭৫০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। একই সময়ে চারজন ইসরাইলি সৈন্য নিহত হয়েছে। যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগে একে অপরকে দোষারোপ করছে ইসরাইল ও হামাস।