৪৫

টানা দ্বিতীয় দিনের মতো বিশ্ববাজারে কমেছে তেলের দাম। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য আলোচনা শুরু হওয়ার ইঙ্গিতের পর বুধবার (১৫ এপ্রিল) আবারও তেলের দর কমে।

বিশ্লেষকরা বলছেন, আলোচনায় অগ্রগতি হলে হরমুজ প্রণালিতে আটকে থাকা তেল পুনরায় বাজারে ফিরতে পারে—এমন প্রত্যাশাই মূলত দামের ওপর প্রভাব ফেলছে।

বুধবার সকালে ব্রেন্ট ক্রুডের দাম ৫২ সেন্ট বা ০.৫৫ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯৪.২৭ ডলারে নেমেছে। আগের দিনও এই তেলের দাম ৪.৬ শতাংশ কমেছিল।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ১.০৪ ডলার বা ১.১ শতাংশ কমে দাঁড়িয়েছে ৯০.২৪ ডলারে। আগের দিন এই সূচকটিও ৭.৯ শতাংশ কমেছিল।

এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সরাসরি আলোচনা পুনরায় শুরু হতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, আগামী দুই দিনের মধ্যেই আলোচনা শুরু হতে পারে এবং তা পাকিস্তানে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

মঙ্গলবার নিউইয়র্ক পোস্টের এক প্রতিবেদকের সঙ্গে টেলিফোনে আলাপকালে ট্রাম্প বলেন, “আগামী দুই দিনের মধ্যে গুরুত্বপূর্ণ কিছু ঘটতে পারে, তাই সেখানে থাকা গুরুত্বপূর্ণ।”

তিনি পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের প্রশংসা করে বলেন, আঞ্চলিক উত্তেজনা কমাতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।

তবে এর কিছুক্ষণ আগে দেওয়া আরেক সাক্ষাৎকারে ট্রাম্প জানান, বৈঠকটি অন্য কোনো স্থানেও হতে পারে। ফলে আলোচনার স্থান নিয়ে এখনো অনিশ্চয়তা রয়ে গেছে।