২১

কঠোর ও অমানবিক পরিস্থিতিতে আটকে রাখা হয়েছে অন্তত ৩৫০ শিশুকে; বন্দী শিশুদের ওপর নির্যাতন, অনাহার ও চিকিৎসাবঞ্চিত করার গুরুতর অভিযোগ।

আন্তর্জাতিক ডেস্ক: গাজায় সংঘাত শুরুর পর থেকে এ পর্যন্ত ইসরায়েলি বাহিনীর হাতে ২ হাজারের বেশি ফিলিস্তিনি শিশু আটক হয়েছে। এর মধ্যে অন্তত ৩৫০ জন শিশুকে অত্যন্ত কঠোর ও অমানবিক পরিস্থিতিতে বন্দি করে রাখা হয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনি প্রিজনার্স সোসাইটি।

গতকাল বুধবার প্রকাশিত এক প্রতিবেদনে ফিলিস্তিনি অধিকার নিয়ে কাজ করা এই সংগঠনটি জানায়, ফিলিস্তিনি শিশুদের লক্ষ্য করে ইসরায়েলি কর্তৃপক্ষ নানা ধরনের দমনমূলক নীতি অব্যাহত রেখেছে। সাধারণ ভীতি প্রদর্শন ও গ্রেপ্তারের মাধ্যমে শুরু হলেও পরবর্তীতে এসব শিশুদের ওপর শারীরিক নির্যাতন, অনাহারে রাখা এবং প্রয়োজনীয় চিকিৎসাসেবা থেকে পুরোপুরি বঞ্চিত করার মতো ঘটনা ঘটছে।

প্রতিবেদনে আরও বলা হয়, সুনির্দিষ্ট কোনো অভিযোগ গঠন কিংবা মুক্তির সুনির্দিষ্ট তারিখ ছাড়াই দীর্ঘ সময় ধরে শিশুদের আটকে রাখার এই প্রবণতা মৌলিক মানবাধিকারের চরম লঙ্ঘন। এর ফলে শিশুরা যেমন পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছে, তেমনি তাদের স্বাভাবিক শিক্ষা ও ভবিষ্যৎ চরম অনিশ্চয়তার মুখে পড়ছে।

ফিলিস্তিনি প্রিজনার্স সোসাইটি অবিলম্বে এসব বন্দি শিশুর মুক্তি নিশ্চিত করতে এবং তাদের ওপর চলা নির্যাতন ও অমানবিক আচরণের নিরপেক্ষ তদন্ত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি জোরালো আহ্বান জানিয়েছে।