২৪৫

জুলাই সনদ কার্যকর এবং সাম্প্রতিক গণভোটের রায় অনুযায়ী দ্রুত সংবিধান সংস্কারের দাবিতে রাজধানীর রাজপথে নামছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। শনিবার (৪ এপ্রিল) বাদ আসর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশ ও মিছিলের কর্মসূচি রয়েছে তাদের।

এই কর্মসূচিকে ঘিরে ইতোমধ্যে বায়তুল মোকাররম এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

এর আগে গত বুধবার জাতীয় সংসদের অধিবেশন চলাকালে সরকারের ভূমিকার প্রতিবাদে সংসদ থেকে ওয়াকআউট করেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। এরপরই আন্দোলনের ইঙ্গিত দেন তিনি। সেই ধারাবাহিকতায় বিরোধীদলীয় উপনেতা ও নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহেরের বাসায় অনুষ্ঠিত বৈঠকে বিক্ষোভ কর্মসূচির বিষয়ে সর্বসম্মত সিদ্ধান্ত নেয় জোট।

গত বৃহস্পতিবার (২ এপ্রিল) গুলশানে ১১ দলীয় ঐক্যের লিয়াঁজো কমিটির বৈঠক শেষে এ কর্মসূচির ঘোষণা দেন জোটের সমন্বয়ক ও জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ।

সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, সরকার জনআকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ হয়ে ফ্যাসিবাদী পথে হাঁটছে। তিনি বলেন, জনস্বার্থ রক্ষা এবং গণভোটের রায় বাস্তবায়নে রাজপথের আন্দোলন ছাড়া তাদের সামনে আর কোনো বিকল্প নেই।

জোটের পক্ষ থেকে আরও হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে, সরকার দ্রুত পদক্ষেপ না নিলে আগামী ৭ এপ্রিল শীর্ষ নেতাদের বৈঠক থেকে দীর্ঘমেয়াদি কঠোর আন্দোলনের রূপরেখা ঘোষণা করা হবে।