১৬৩

ফরিদপুরের সালথায় বাগান থেকে লিচু চুরি করতে বাধা দেওয়াকে কেন্দ্র করে মো. আজিজুল মোল্যা (৬৫) নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

বুধবার (১৩ মে) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার বল্লভদী ইউনিয়নের ফুলবাড়িয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আজিজুল মোল্যা ফুলবাড়িয়া গ্রামের গুপিনগর পাড়ার মৃত মানো মোল্যার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকেলে আজিজুল মোল্যার বাগান থেকে গোপনে লিচু চুরি করছিল পাশের সোনাপুর ইউনিয়নের চরবাংরাইল গ্রামের সাকিল মুন্সি ও তুষার মুন্সি। এ সময় বাগান মালিকের ছেলে আকরাম মোল্যা বাধা দিলে তাকে মারধর করা হয় বলে অভিযোগ রয়েছে।

পরে সন্ধ্যায় ফুলবাড়িয়া বাজারে গিয়ে ছেলে আকরামের ওপর হামলার বিষয়ে জানতে চাইলে আজিজুল মোল্যার সঙ্গে সাকিল ও তুষারের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তারা বাঁশের লাঠি দিয়ে আজিজুলকে বেধড়ক মারধর করে বলে অভিযোগ করেন স্থানীয়রা।

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ফরিদপুর হার্ট ফাউন্ডেশন হাসপাতালে নিয়ে গেলে রাত ৯টার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে আজিজুলের মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ লোকজন হামলাকারীদের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট চালায় বলে জানা গেছে। রাত পর্যন্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছিল।

ফরিদপুরের সহকারী পুলিশ সুপার (নগরকান্দা সার্কেল) মুহম্মদ আল ফাহাদ বলেন, লিচু পাড়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। জড়িতদের শনাক্তে কাজ চলছে এবং দ্রুতই অভিযুক্তদের গ্রেপ্তার করা হবে।

ফরিদপুরের পুলিশ সুপার মো. নজরুল ইসলাম জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।