১৬৭

রোববার (৮ মার্চ) সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে। রমনা থানা বিএনপির সভাপতি আশরাফুল ইসলাম এ আবেদন করেন।

বাদীপক্ষের আইনজীবী মো. আমিরুল ইসলাম আমির বিষয়টি নিশ্চিত করে বলেন, “আমরা ইতোমধ্যে মামলার আবেদন জমা দিয়েছি। সকাল ১১টার দিকে আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হবে।”

মামলার আবেদনে বাদী উল্লেখ করেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাসীরুদ্দীন পাটওয়ারী শাপলা কলি প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিয়ে বিএনপির নেতা মির্জা আব্বাসের কাছে বিপুল ভোটে পরাজিত হন। নির্বাচনের সময় থেকেই তিনি বিভিন্ন মিথ্যা ও মানহানিকর বক্তব্য দিয়ে আসছেন।

অভিযোগে আরও বলা হয়, নির্বাচনে পরাজয়ের পর নাসীরুদ্দীন পাটওয়ারী সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন অনলাইন সংবাদমাধ্যমে আরও বেশি করে মিথ্যা ও মানহানিকর বক্তব্য প্রচার করতে থাকেন এবং বিভিন্ন ধরনের হুমকি দিয়ে আসছেন। সর্বশেষ গত ৫ মার্চ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তার দেওয়া মানহানিকর বক্তব্য কয়েকটি অনলাইন নিউজ মিডিয়ায় প্রকাশিত হতে দেখেন বাদী।

এসব বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও ইউটিউবে ছড়িয়ে পড়ায় মির্জা আব্বাসের সম্মান ক্ষুণ্ণ হচ্ছে বলে অভিযোগ করা হয়।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, নাসীরুদ্দীন পাটওয়ারীর এসব বক্তব্য উদ্দেশ্যপ্রণোদিত ও ইচ্ছাকৃতভাবে দেওয়া হয়েছে, যা বাদী ও মির্জা আব্বাসের সুনাম ও রাজনৈতিক ক্যারিয়ার ক্ষুণ্ণ করার জন্য প্রচার করা হয়েছে। এসব বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে তিনি শিষ্টাচার ও সভ্যতার রীতিনীতি লঙ্ঘন করেছেন এবং তা মানহানিকর বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।