২৩৫

রাজধানীর কেরাণীগঞ্জ উপজেলার কদমতলীতে একটি গ্যাস লাইটার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ছয়জনে দাঁড়িয়েছে। সর্বশেষ ধ্বংসস্তূপ থেকে আরও একটি মরদেহ উদ্ধার করা হয়। একই ঘটনায় আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে অন্তত দুজনকে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসীম এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে শনিবার (৪ এপ্রিল) বিকেলে একই দপ্তরের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন জানিয়েছিলেন, ঘটনাস্থল থেকে পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং একজনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার জানান, শনিবার দুপুর ১টা ১৩ মিনিটে কদমতলীর ওই কারখানায় আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে একাধিক ইউনিট।

আগুনের তীব্রতা বেড়ে যাওয়ায় পর্যায়ক্রমে মোট সাতটি ইউনিট অগ্নিনির্বাপণ কাজে অংশ নেয়। তাদের সম্মিলিত প্রচেষ্টায় প্রায় সোয়া এক ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।