১৫

শ্রমিকদের বেতন বৃদ্ধি ও বিভিন্ন দাবিকে কেন্দ্র করে চলমান অসন্তোষের মধ্যে শিল্পাঞ্চলের নিরাপত্তা জোরদার করা হয়েছে। সাভার-আশুলিয়া, গাজীপুর ও নারায়ণগঞ্জের গুরুত্বপূর্ণ এলাকায় মোট ২৪ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) দুপুরে বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম এ তথ্য জানান।

বিজিবির পাঁচ প্লাটুন সদস্য দায়িত্ব পালন করছেন সাভারের হেমায়েতপুর, আশুলিয়া ও বাইপাইল এলাকায়। গাজীপুরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে মোতায়েন করা হয়েছে ১৩ প্লাটুন। এসব এলাকার মধ্যে রয়েছে চৌরাস্তা, ভোগড়া বাইপাস, পোড়াবাড়ি, মাস্টারবাড়ি বিদ্যুৎ এলাকা, তেলিপাড়া, সফিপুর, চন্দ্রা ও কালিয়াকৈর।

এ ছাড়া নারায়ণগঞ্জে ছয় প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয়, চাষাঢ়া, ঝালকুড়ি ব্রিজ, বিসিক শিল্প এলাকা ও কাঁচপুর ব্রিজ এলাকায় দায়িত্ব পালন করছেন সদস্যরা।

বিজিবি সদস্যরা স্থানীয় প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করছেন। শ্রমিকদের শান্তিপূর্ণভাবে দাবি জানানোর পরিবেশ বজায় রাখা, সাধারণ মানুষের চলাচল স্বাভাবিক রাখা এবং অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে নিয়মিত টহল ও নিরাপত্তা কার্যক্রম চালানো হচ্ছে।

শিল্পাঞ্চলে শ্রমিক, শিল্পপ্রতিষ্ঠান ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি শান্তি-শৃঙ্খলা ও স্বাভাবিক কর্মপরিবেশ বজায় রাখতে দায়িত্ব পালন করছেন বিজিবি সদস্যরা।