৩০

সৌদি আরবের পূর্বাঞ্চলীয় শহর দাম্মামের একটি শিল্প কমপ্লেক্সে হামলার ঘটনায় বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে স্থাপনাটির একটি অংশ থেকে ব্যাপক ধোঁয়া ও আগুনের শিখা ছড়িয়ে পড়তে দেখা গেছে।

১ নভেম্বর ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে এ হামলার খবর সামনে আসে। ঘটনার পর ছড়িয়ে পড়া ভিডিওতে শিল্প কমপ্লেক্সের ভেতর থেকে ঘন কালো ধোঁয়া ও আগুনের শিখা উঠতে দেখা যায়।

তবে হামলার প্রকৃত কারণ, ক্ষয়ক্ষতির পরিমাণ কিংবা হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। সৌদি কর্তৃপক্ষও প্রাথমিক পর্যায়ে এ বিষয়ে বিস্তারিত বিবৃতি দেয়নি।

ঘটনাস্থলে জরুরি উদ্ধারকারী দল মোতায়েন করা হয়েছে। আগুন নিয়ন্ত্রণে আনার পাশাপাশি ক্ষয়ক্ষতি নিরূপণ ও ঘটনার কারণ অনুসন্ধানের কাজ চলছিল।

সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশে অবস্থিত দাম্মাম দেশটির অন্যতম গুরুত্বপূর্ণ শিল্প ও জ্বালানি কেন্দ্র। শহরটির আশপাশে রয়েছে গুরুত্বপূর্ণ তেল ও পেট্রোকেমিক্যাল স্থাপনা।

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা এবং সৌদি অবকাঠামো লক্ষ্য করে একের পর এক হামলার ঘটনার মধ্যে দাম্মামের এই অগ্নিকাণ্ড নতুন করে উদ্বেগ তৈরি করেছে। তবে হামলার সঙ্গে কারা জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।