১৭৪

আগামী এক থেকে দুই দিনের মধ্যে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র আবারও সামরিক সংঘাতে জড়াতে পারে বলে প্রবল আশঙ্কা প্রকাশ করেছেন দোহা ইনস্টিটিউট ফর গ্র্যাজুয়েট স্টাডিজের মিডিয়া স্টাডিজ বিভাগের অধ্যাপক মোহাম্মদ এলমাসরি।

সংবাদমাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, বর্তমান পরিস্থিতি দ্রুত যুদ্ধের দিকে মোড় নিতে পারে। তার মতে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং প্রশাসনের কিছু “হকিশ” বা যুদ্ধবাজ কর্মকর্তার প্রভাবে সিদ্ধান্ত নিচ্ছেন।

অধ্যাপক এলমাসরি আরও বলেন, ইরান সরকারের কাছ থেকে ট্রাম্প যেভাবে নিঃশর্ত আত্মসমর্পণ আশা করেছিলেন, তা বাস্তবায়িত হয়নি। পাশাপাশি তেহরানের সঙ্গে চলমান কূটনৈতিক আলোচনাও প্রত্যাশিত অগ্রগতি আনতে ব্যর্থ হয়েছে।

তিনি আরও দাবি করেন, সাম্প্রতিক সময়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকেও ট্রাম্পের প্রত্যাশিত ফলাফল আসেনি। এসব রাজনৈতিক ও কূটনৈতিক ব্যর্থতা তাকে নতুন করে সামরিক পদক্ষেপের দিকে ঠেলে দিতে পারে বলে মন্তব্য করেন এই বিশ্লেষক।

তবে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র বা ইরান—কোনো পক্ষ থেকেই সম্ভাব্য যুদ্ধ শুরুর বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি।