৫

বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কে এম তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় তার বান্ধবী দিশাকে গ্রেফতার করেছে নৌ পুলিশ। শনিবার (৩১ অক্টোবর) রাতে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন নৌ পুলিশ ঢাকা অঞ্চলের পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন।

তাহসিফের মৃত্যুর ঘটনায় এর আগে গ্রেফতার হওয়া বন্ধু আহমেদ শাহরিয়ার রেজা দীপকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছেন তদন্ত কর্মকর্তারা। তার সংশ্লিষ্টতার প্রাথমিক প্রমাণ পাওয়ার কথাও জানিয়েছে পুলিশ। তবে তদন্তের স্বার্থে এ বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।

তাহসিফের পরিবারের অভিযোগের পর প্রথমে দীপকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। জিজ্ঞাসাবাদে তাহসিফের সঙ্গে বিভিন্ন স্থানে যাতায়াত এবং সেসব স্থানে যাওয়ার কারণ সম্পর্কে তথ্য দেন তিনি।

নৌ পুলিশ ঢাকা অঞ্চলের পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন জানান, তাহসিফের মৃত্যুর ঘটনায় দীপের সংশ্লিষ্টতার কিছু প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। রিমান্ডে তাকে আরও বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হবে।

তদন্তের তথ্য অনুযায়ী, গত ২৭ অক্টোবর সন্ধ্যায় দীপের ডাকে বাসা থেকে নিজের মোটরসাইকেল নিয়ে বের হন তাহসিফ। পরদিন ২৮ অক্টোবর বিকেলে উত্তরখানের রাজাবাড়ী ঘাটসংলগ্ন তুরাগ নদ থেকে তার ভাসমান মরদেহ উদ্ধার করে নৌ পুলিশ।

দীপের দাবি ছিল, তাহসিফের সঙ্গে একটি রেস্তোরাঁয় রাতের খাবার খাওয়ার পর উত্তরা হাউজবিল্ডিং এলাকায় তাদের আলাদা হয়ে যায়।

বৃহস্পতিবার রাতে মোহাম্মদপুরের বাবর রোডের বাসা থেকে দীপকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয় পিবিআই। তার দেওয়া তথ্যের ভিত্তিতে শুক্রবার সকালে টঙ্গীর মাজার বস্তি এলাকা থেকে তাহসিফের মোটরসাইকেল উদ্ধার করা হয়।

তদন্তসংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, মাদক বিক্রির স্থান হিসেবে পরিচিত ওই এলাকায় মধ্যরাতে তাহসিফের সঙ্গে যাওয়ার কথা দীপ স্বীকার করেছেন। পরে পিবিআই কর্মকর্তারা তাকে সঙ্গে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। শুক্রবার রাতে তাহসিফের বাবা হত্যা মামলা দায়ের করলে দীপকে গ্রেফতার দেখানো হয়।

তাহসিফের মৃত্যুর ঘটনায় দিশাকে গ্রেফতারের পর তদন্তে নতুন তথ্য পাওয়া যায় কি না, তা এখনো জানা যায়নি।