২০

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকের পর বাংলাদেশের নতুন সরকারের প্রতি জাপানের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন দেশটির প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। দুই দেশের অভিন্ন মূল্যবোধ, অর্থনৈতিক সহযোগিতা এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলে শান্তি ও সমৃদ্ধি প্রতিষ্ঠার বিষয়টি গুরুত্ব পেয়েছে এই বৈঠকে।

মঙ্গলবার জাপান সফররত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শীর্ষ বৈঠক করেন সানায়ে তাকাইচি। বৈঠক শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি সাক্ষাতের বিভিন্ন দিক তুলে ধরেন।

জাপানের প্রধানমন্ত্রী জানান, গণতন্ত্র ও আইনের শাসনের মতো অভিন্ন মূল্যবোধের ভিত্তিতে বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী জাপান। গণতান্ত্রিক সাধারণ নির্বাচনের মধ্য দিয়ে গঠিত বাংলাদেশের নতুন সরকারের রাষ্ট্র গঠনের প্রচেষ্টায় টোকিওর জোরালো সমর্থন থাকবে বলেও উল্লেখ করেন তিনি।

বৈঠকে বাংলাদেশ ও জাপানের দ্বিপক্ষীয় সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এর মধ্যে ছিল ‘ফ্রি অ্যান্ড ওপেন ইন্দো-প্যাসিফিক’ বা মুক্ত ও উন্মুক্ত ইন্দো-প্যাসিফিক ধারণা বাস্তবায়নে বাংলাদেশের ভূমিকা এবং দুই দেশের অর্থনৈতিক উন্নয়নে ‘বিগ-বি’ বা BIG-B উদ্যোগ।

পোস্টে সানায়ে তাকাইচি বলেন, দক্ষিণ-পূর্ব এশিয়া ও দক্ষিণ এশিয়াকে সংযুক্ত করার ক্ষেত্রে বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ বাজার এবং সম্ভাবনাময় দেশ। বাংলাদেশের এই অবস্থান ও সম্ভাবনা জাপানের অর্থনীতির জন্যও তাৎপর্যপূর্ণ বলে উল্লেখ করেন তিনি।

এদিকে জাপানের দীর্ঘমেয়াদি সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশকে শান্তিপূর্ণ জাতি হিসেবে স্বীকৃতি দেওয়া এবং বিভিন্ন খাতে জাপান সরকার ও দেশটির জনগণের সহযোগিতার জন্য তিনি ধন্যবাদ জানান বলে পোস্টে উল্লেখ করা হয়েছে।

বৈঠক শেষে দুই দেশের কৌশলগত অংশীদারত্বের ভিত্তিতে একটি যৌথ বিবৃতি প্রকাশের কথাও জানান জাপানের প্রধানমন্ত্রী। ভবিষ্যতে বেসরকারি খাতকে সঙ্গে নিয়ে দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী করার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

ইন্দো-প্যাসিফিক অঞ্চলে শান্তি ও সমৃদ্ধি প্রতিষ্ঠার লক্ষ্যেও বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন সানায়ে তাকাইচি।