১৮

রাজধানীর মিরপুর-১০ নম্বরের মতো ঢাকার অন্যান্য এলাকার দখল হয়ে থাকা ফুটপাতও পর্যায়ক্রমে উদ্ধার করা হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান। ফুটপাত দখলের কারণে পথচারীদের চলাচলে যেসব এলাকায় বাধা তৈরি হচ্ছে, সেগুলো চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে মিরপুর-১০ নম্বর গোলচত্বরে পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন ডিএনসিসি প্রশাসক। তিনি জানান, ফুটপাত দখলমুক্ত করার পাশাপাশি রাজধানীকে পরিচ্ছন্ন, সবুজ ও বাসযোগ্য করে তুলতে কাজ চলছে।

শফিকুল ইসলাম খান বলেন, মিরপুর-১০ নম্বরের ফুটপাত দখলমুক্ত হওয়ায় এখন পথচারীদের চলাচলের সুযোগ তৈরি হয়েছে। এলাকাটিকে আরও সুন্দর করে তুলতে সংস্কারকাজ চলছে এবং সেখানে গাছও লাগানো হয়েছে। একইভাবে যেসব এলাকায় যানজট তৈরি হচ্ছে, শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াতে সমস্যা হচ্ছে কিংবা সাধারণ মানুষের হাঁটাচলায় বাধা সৃষ্টি হচ্ছে, সেসব এলাকার ফুটপাতও পর্যায়ক্রমে দখলমুক্ত করা হবে।

এ কাজে সিটি করপোরেশনের পাশাপাশি নগরবাসীর সহযোগিতাও চেয়েছেন তিনি। পরিচ্ছন্নতা ও সবুজায়নের কার্যক্রমে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের যুক্ত করার কথাও জানান ডিএনসিসি প্রশাসক। তাঁর ভাষ্য অনুযায়ী, আগে লাগানো গাছের পরিচর্যা, নিয়মিত পানি দেওয়া এবং ময়লা জমে থাকা স্থান পরিষ্কার করার উদ্যোগ নেওয়া হবে।

এদিকে নগরবাসীর অভিযোগ ও সমস্যা দ্রুত সমাধানে ‘আমার ঢাকা’ নামে একটি অ্যাপ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। অ্যাপটির কাজ চলছে জানিয়ে শফিকুল ইসলাম খান বলেন, অল্প কিছুদিনের মধ্যে এটি উদ্বোধন করা হবে। অ্যাপের মাধ্যমে নগরীর বিভিন্ন এলাকার সমস্যা জানানো হলে ২৪ ঘণ্টার মধ্যে তা সমাধানের ব্যবস্থা নেওয়ার লক্ষ্য রয়েছে।

তিনি আরও জানান, এর আগে ‘ফিক্স ইট ডিএনসিসি’ নামে একটি অ্যাপের মাধ্যমে বিভিন্ন সমস্যার সমাধান করা হয়েছিল।

ডিএনসিসি প্রশাসক বলেন, রাজধানীকে আধুনিক ও বাসযোগ্য করে গড়ে তুলতে সরকার, সিটি করপোরেশন এবং সাধারণ মানুষকে একসঙ্গে কাজ করতে হবে। এ সময় তিনি নগরবাসী ও সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান, ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শেখ ফরিদ, সাধারণ সম্পাদক মহসিন সিদ্দিকী রনিসহ সংগঠনটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।