২৪

আগামী কয়েক মাস ডেঙ্গু নিয়ন্ত্রণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে সংশ্লিষ্ট সব সংস্থাকে সমন্বিতভাবে কাজ করার তাগিদ; সরকারি আবাসন ও হাসপাতাল প্রাঙ্গণ পরিচ্ছন্ন রাখার নির্দেশ।

ঢাকা: ডেঙ্গু রোগ প্রতিরোধ ও মশা নিয়ন্ত্রণে দেশের প্রতিটি পাড়া-মহল্লায় মাইকিং করে ব্যাপক জনসচেতনতামূলক প্রচার অভিযান চালানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে সাধারণ মানুষকে সচেতন করতে মসজিদের জুমার খুতবায় ডেঙ্গু প্রতিরোধের বার্তা প্রচারের নির্দেশনাও দিয়েছেন তিনি।

আজ মঙ্গলবার (১৩ই অক্টোবর ২০২৬) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত ডেঙ্গু প্রতিরোধ ও নিয়ন্ত্রণ সংক্রান্ত এক উচ্চপর্যায়ের পর্যালোচনা সভায় তিনি এই নির্দেশনা দেন। সভা শেষে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।

প্রধানমন্ত্রী বলেন, “আগামী কয়েক মাস ডেঙ্গু রোগ নিয়ন্ত্রণের জন্য অত্যন্ত সংবেদনশীল ও গুরুত্বপূর্ণ। এ সময়ে এডিস মশার বিস্তার রোধে সরকারের সংশ্লিষ্ট সকল দপ্তর ও সংস্থাকে অত্যন্ত সুসমন্বিতভাবে কাজ করতে হবে।” বিশেষ করে যেসব এলাকায় ডেঙ্গু সংক্রমণের হার বেশি, সেখানে প্রতিরোধমূলক ব্যবস্থা আরও জোরদার করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

ডেঙ্গু নিয়ন্ত্রণে সাধারণ জনগণের সামাজিক অংশগ্রহণ অপরিহার্য উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, নিয়মিত এলাকাভিত্তিক মাইকিং এবং জুমার খুতবার মাধ্যমে পরিচ্ছন্নতা ও জমা পানি অপসারণের গুরুত্ব তুলে ধরতে হবে। এছাড়া সরকারি আবাসিক কোয়ার্টার, দপ্তর ও হাসপাতাল প্রাঙ্গণ সার্বক্ষণিক পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য কঠোর নির্দেশ দেন তিনি।

উচ্চপর্যায়ের এই পর্যালোচনা সভায় অন্যান্যের মধ্যে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. মো. শাকিরুল ইসলাম খান এবং ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসকদ্বয় উপস্থিত ছিলেন।