৪৪

রাজবাড়ীর পাংশায় জমি সংক্রান্ত বিরোধ ও চাঁদা দাবির জেরে সিঙ্গাপুরফেরত এক প্রবাসীর মৎস্য খামারে বিষ প্রয়োগ করে মাছ নিধন ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী প্রবাসীর দায়ের করা মামলায় পাংশা ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কালাম মন্ডলকে গ্রেফতার করেছে পুলিশ।

গত মঙ্গলবার (৬ অক্টোবর) গভীর রাতে পাংশা উপজেলার যশাই ইউনিয়নের নিভাকেষ্টপুর গ্রামের সিঙ্গাপুরপ্রবাসী আসাদ মন্ডলের মাছের প্রজেক্টে এ বিষ প্রয়োগের ঘটনা ঘটে। ভুক্তভোগী পরিবারের দাবি, এতে পুকুরে থাকা প্রায় ৫ থেকে ৬ লাখ টাকার মাছ মরে ভেসে উঠেছে।

ভুক্তভোগী আসাদ মন্ডল জানান, দীর্ঘ ১৬-১৭ বছর সিঙ্গাপুরে কষ্টার্জিত অর্থ দিয়ে তিনি এই মাছের খামার গড়ে তোলেন। সম্প্রতি যশাই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল মান্নান প্রামাণিক ও সাধারণ সম্পাদক কালাম মন্ডল তার কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করে আসছিলেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে গত মঙ্গলবার সকালে বহিরাগতদের নিয়ে খামারের সীমানাপ্রাচীর ভাঙচুর ও প্রায় ৫০ কাঁদি কলাগাছ কেটে নেওয়া হয়। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে গেলেও রাতের কোনো এক সময় পুকুরে বিষ ছিটিয়ে সব মাছ মেরে ফেলা হয়।

এ বিষয়ে পাংশা মডেল থানার পরিদর্শক (তদন্ত) সঞ্জয় কুমার ঘোষ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সীমানাপ্রাচীর ভাঙচুর ও মাছ নিধনের সত্যতা পেয়েছে। ভুক্তভোগীর লিখিত অভিযোগ ও প্রাথমিক তথ্যের ভিত্তিতে কালাম মন্ডলকে গ্রেফতার করা হয়েছে। ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।