৫৪

ফেনীতে ১৫৪২ কোটি টাকার বন্যা নিয়ন্ত্রণ প্রকল্প উদ্বোধনসহ সোলার বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্তকরণ ও ফ্যামিলি-কৃষক কার্ড বিতরণ করবেন প্রধানমন্ত্রী।

জাতীয় ডেস্ক

ঢাকা: দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো ফেনী সফরে গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দিনব্যাপী এই সফরকালে তিনি মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ ও সেচ প্রকল্পের প্রথম পর্যায় পুনর্বাসনের উদ্বোধনসহ একাধিক জনকল্যাণমূলক কর্মসূচিতে অংশ নেবেন।

আজ বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল প্রায় ৮:৪০ মিনিটে রাজধানীর গুলশানের বাসভবন থেকে সড়কপথে ফেনীর পরশুরামের উদ্দেশ্যে রওনা হন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু।

মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন ও শুভেচ্ছা বিনিময়

সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী দুপুর ১২:৩০ টায় পরশুরাম উপজেলার খেয়াঘাট-মুহুরী সেতু সংলগ্ন এলাকায় মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের (১ম পর্যায়) পুনর্বাসন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। উদ্বোধনের পর তিনি স্থানীয় জনসাধারণের সঙ্গে এক সৌজন্য ও শুভেচ্ছা বিনিময় কর্মসূচিতে অংশ নেবেন।

উল্লেখ্য, গত ১৬ জুন জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১,৫৪২.১৬ কোটি টাকা প্রাক্কলিত ব্যয়ে প্রকল্পটি অনুমোদিত হয়। এই প্রকল্পের আওতায় ৬৭.৯২ কিলোমিটার বাঁধ পুনর্বাসন, ১১.৭৩ কিলোমিটার নদী তীর সংরক্ষণ এবং ৮৩.৫০ কিলোমিটার নদী ও জলাশয় পুনরায় খনন করা হবে। এছাড়া ২৭টি সেচ অবকাঠামো পুনর্বাসন এবং ৭৭টি ইনলেট নির্মাণ করা হবে।

বৃক্ষরোপণ ও রুফটপ সোলার বিদ্যুতের উদ্বোধন

পরশুরামের কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী ফুলগাজী যাবেন। সেখানে দুপুর ১:৩০ টায় তিনি বেগম খালেদা জিয়া মহিলা কলেজে একটি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন।

এরপর ফুলগাজী জেলা পরিষদ ডাকবাংলো পরিদর্শনকালে সেখানে স্থাপিত রুফটপ সোলার পাওয়ার সিস্টেম থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের উদ্বোধন করবেন। ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া উপজেলার সরকারি ভবনগুলোতে মোট ৯৬২.৫ কিলোওয়াট ক্ষমতার সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করা হয়েছে। এর মধ্যে ছাগলনাইয়ায় ৪১৫ কিলোওয়াট, পরশুরামে ২৯৮ কিলোওয়াট এবং ফুলগাজীতে ২৪৯ কিলোওয়াট অন্তর্ভুক্ত।

কার্ড বিতরণ, সম্মাননা প্রদান ও জনসভা

বিকেলে ৩:৩০ টায় প্রধানমন্ত্রী ফুলগাজী সরকারি পাইলট হাই স্কুল মাঠে একটি বিশেষ অনুষ্ঠানে যোগ দেবেন। এই অনুষ্ঠান থেকে ফুলগাজীর ৫১০ জন বাসিন্দার মাঝে ‘ফ্যামিলি কার্ড’ এবং জেলাজুড়ে ৭,৬৪৩ জন কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ করবেন।

একই অনুষ্ঠান থেকে ফুলগাজী উপজেলার ২৩৮ জন মসজিদ ইমাম, মুয়াজ্জিন, খাদেম এবং অন্যান্য ধর্মীয় উপাসনালয়ের সেবায়েত ও পুরোহিতদের মাঝে সম্মাননা ভাতা প্রদান করবেন তিনি। পরবর্তীতে সেখানে আয়োজিত একটি বিশাল জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী।