৯৬

দেশের প্রশাসনিক কাঠামো পুনর্বিন্যাসের অংশ হিসেবে নতুন তিনটি উপজেলা ও একটি থানা গঠনের সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে আগামী বুধবার (১ জুলাই) প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) ১২১তম সভায়।

মন্ত্রিপরিষদ বিভাগের নিকার-১ শাখা থেকে জারি করা সভার নোটিশে জানানো হয়েছে, বেলা ১১টায় মন্ত্রিপরিষদ বিভাগের ১০০০ নম্বর কক্ষে অনুষ্ঠিতব্য এ সভায় সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রীর তারেক রহমান।

সভায় চট্টগ্রামের হাটহাজারী থানাকে বিভক্ত করে ‘হালদা থানা’ প্রতিষ্ঠার প্রস্তাব উত্থাপন করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। একই সঙ্গে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ছয়টি ইউনিয়নের সমন্বয়ে ‘ফটিকছড়ি উত্তর’ নামে নতুন উপজেলা গঠনের প্রস্তাব উপস্থাপন করবে স্থানীয় সরকার বিভাগ।

এছাড়া কুমিল্লার মুরাদনগর উপজেলাকে বিভক্ত করে ‘বাঙ্গারা’ নামে নতুন উপজেলা গঠনের প্রস্তাবও সভায় আলোচনা হবে। এ প্রস্তাবটি উপস্থাপন করবে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়।

অন্যদিকে, ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানার অধীন আটটি ইউনিয়নের সমন্বয়ে ‘আদর্শনগর’ নামে নতুন উপজেলা গঠনের প্রস্তাবও নিকার সভায় বিবেচনার জন্য তোলা হবে।

সভায় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অধীন সড়ক ও জনপথ অধিদপ্তর (আরএইচডি) সংশ্লিষ্ট একটি প্রশাসনিক পুনর্বিন্যাস প্রস্তাব নিয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে।

এ ছাড়া রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) পরিচালিত পূর্বাচল নতুন শহর প্রকল্পের নারায়ণগঞ্জ ও গাজীপুর জেলার অংশ ঢাকা জেলার অন্তর্ভুক্ত করে ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুর জেলার প্রশাসনিক সীমানা পুনর্গঠনের বিষয়টিও আলোচ্যসূচিতে রয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে, সভায় অনুমোদিত প্রস্তাবগুলো পরবর্তী সময়ে সরকারি প্রজ্ঞাপন জারির মাধ্যমে কার্যকর করা হবে। প্রশাসনিক পুনর্বিন্যাস, স্থানীয় সরকার ব্যবস্থার সম্প্রসারণ এবং জনসেবাকে আরও কার্যকর ও সহজলভ্য করার লক্ষ্যে নিকার সভাকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।