১০৬

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায় অনুষ্ঠানে যোগ দিতে তেহরান যাচ্ছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফর আমন্ত্রণে তিনি খামেনির অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নেবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, প্রয়াত সর্বোচ্চ নেতা খামেনির অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিতে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে স্পিকার হাফিজ উদ্দিন আহমদকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছে ইরান। আমন্ত্রণপত্র পাঠিয়েছেন দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ।

খামেনিকে শেষ বিদায় জানাতে কয়েক দিনব্যাপী কর্মসূচির আয়োজন করেছে ইরান। আগামী ৪ জুলাই তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর ৭ জুলাই রাজধানীর উপকণ্ঠের কোম শহরে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সবশেষ ৯ জুলাই আরেক দফা জানাজা শেষে তাকে দক্ষিণ-পূর্বাঞ্চলের মাশহাদে দাফন করা হবে।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় পরিবারের কয়েকজন সদস্যসহ নিহত হন ৮৬ বছর বয়সী আয়াতুল্লাহ আলী খামেনি। মৃত্যুর আগে তিনি টানা ৩৬ বছর ইরানের সর্বোচ্চ নেতার দায়িত্ব পালন করেন।