১৫৬

শরীয়তপুরে স্বামীকে হত্যার পর মরদেহ খণ্ডিত করে বিভিন্ন স্থানে ফেলে এবং দেহাংশ ফ্রিজে লুকানোর চেষ্টা করার অভিযোগে আসমা আক্তার (গৃহবধূ) নামে এক নারীকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১৫ মে) রাতে শরীয়তপুর পৌর এলাকার পালং উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করে পালং মডেল থানা পুলিশ।

পুলিশ জানায়, পারিবারিক কলহের জেরে গত মঙ্গলবার রাতে সদর উপজেলার চন্দ্রপুর এলাকায় স্বামী-স্ত্রীর মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। একপর্যায়ে আসমা আক্তার লোহার টুকরা দিয়ে তার স্বামী জিয়া সরদারের মাথায় আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।

ঘটনার পর মরদেহ গোপন করতে অভিযুক্ত গৃহবধূ ছুরি দিয়ে দেহ খণ্ডিত করেন বলে অভিযোগ পাওয়া গেছে। তিনি শরীরের বিভিন্ন অংশ আলাদা করে নদী ও পুকুরপাড়ে ফেলে দেন।

এরপর দেহের মাংস আলাদা করে একটি বস্তায় ভরে পালং উচ্চ বিদ্যালয় সংলগ্ন একটি বাড়ির ফ্রিজে রাখার চেষ্টা করেন তিনি। এ সময় বাড়ির লোকজন সন্দেহ করলে তারা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আসমা আক্তারকে আটক করে। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী বিভিন্ন স্থান থেকে মরদেহের খণ্ডিত অংশ উদ্ধার করা হয়।

পালং মডেল থানার ওসি শাহ আলম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যার কথা স্বীকার করেছেন। ঘটনায় মামলা প্রক্রিয়াধীন এবং তদন্ত চলছে।