৭৯

কোরবানির ঈদকে সামনে রেখে যশোরের কোরবানির হাটে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে বিশাল আকৃতির একটি ষাঁড়। গরুটির নাম রাখা হয়েছে ‘বিসিএস ক্যাডার’। নামটি শুনে অনেকেই হাসলেও এর পেছনে রয়েছে বিশেষ কারণ বলে জানিয়েছেন খামারি মহিদুল জামান কাজল।

যশোর সদর উপজেলার সীতারামপুর এলাকার এই খামারির দাবি, অতি যত্ন ও রাজকীয় গড়নের কারণেই গরুটির এমন ব্যতিক্রমী নাম রাখা হয়েছে।

জেলা প্রাণিসম্পদ দপ্তর সূত্রে জানা গেছে, চলতি বছর যশোর জেলায় কোরবানির জন্য প্রস্তুত রয়েছে ১ লাখ ১৭ হাজার ৯৭৭টি গবাদিপশু। এর মধ্যে চাহিদার তুলনায় প্রায় ১৪ হাজারের বেশি পশু উদ্বৃত্ত থাকবে।

খামারি কাজল জানান, তার খামারে কোরবানির জন্য ৪২টি গরু প্রস্তুত করা হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি নজর কেড়েছে ব্রাহমা জাতের ‘বিসিএস ক্যাডার’। গরুটির ওজন প্রায় ১ হাজার কেজি এবং দাম হাঁকা হয়েছে ১৪ লাখ ৫০ হাজার টাকা।

তিনি আরও জানান, খামারে থাকা সবচেয়ে ভারী হোলস্টেইন ফ্রিজিয়ান জাতের গরুটির ওজন প্রায় ১ হাজার ১০০ কেজি, যার দাম ধরা হয়েছে ১১ লাখ টাকা। এছাড়া পাকিস্তানি শাহীওয়াল জাতের আরেকটি গরুর ওজন ৮৭৫ কেজি এবং এর দাম রাখা হয়েছে সাড়ে ৮ লাখ টাকা।

বিশাল আকৃতি ও আকর্ষণীয় গড়নের কারণে প্রতিদিনই খামারে ভিড় করছেন উৎসুক মানুষ। স্থানীয়দের অনেকে বলছেন, এবার কোরবানির হাটে অন্যতম আকর্ষণ হতে যাচ্ছে ‘বিসিএস ক্যাডার’।