২১৯

কিশোরগঞ্জের কটিয়াদীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে চাচার বিরুদ্ধে ভাতিজাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

শুক্রবার (১৫ মে) দুপুরে উপজেলার লোহাজুরী ইউনিয়নের পূর্বচর পাড়াতলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আনোয়ার হোসেন (৩৫) ওই গ্রামের সাফি উদ্দিনের ছেলে। অভিযুক্ত মরম আলী তার আপন চাচা।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে চাচা-ভাতিজার মধ্যে বিরোধ চলছিল। বিষয়টি নিয়ে একাধিকবার সালিশ হলেও সমাধান হয়নি। বরং সময়ের সঙ্গে সঙ্গে বিরোধ আরও তীব্র হয়।

শুক্রবার তুচ্ছ একটি বিষয়কে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ফের উত্তেজনা সৃষ্টি হয়। পরে বিকেলে স্থানীয় চটান পূর্বচর পাড়াতলা উচ্চ বিদ্যালয়ের সিঁড়িতে আনোয়ার হোসেনকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।

নিহতের পরিবারের অভিযোগ, ঘটনার সময় অভিযুক্ত চাচা মরম আলী ও তার লোকজন আনোয়ার হোসেনকে পরিকল্পিতভাবে কুপিয়ে হত্যা করে এবং কাউকে কাছে আসতে বাধা দেয়।

নিহতের মা শিরিনা আক্তার অভিযোগ করে বলেন, বাড়িতে কেউ না থাকার সুযোগে তাকে ঘর থেকে বের করে এনে নির্মমভাবে হত্যা করা হয়েছে।

নিহতের বোন সালমা আক্তারও একই অভিযোগ করে বলেন, এটি পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড। তারা দ্রুত দোষীদের বিচার দাবি করেন।

কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) শ্যামল মিয়া জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে। অভিযুক্তরা পলাতক রয়েছে এবং তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।